
গান, মা হওয়ার অনুভূতি প্রকাশ, প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। মা দিবস উপলক্ষে গতকাল রোববার দুপুরে নগরের শিশু একাডেমীতে এ সমাবেশের আয়োজন করে ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) নামের একটি উন্নয়ন সংগঠন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, প্রত্যেক মাকেই যথাযথ সম্মান দিতে হবে। মায়ের সেবার যাতে ত্রুটি না হয়, তা সব সন্তানকে খেয়াল রাখতে হবে। এতে শুধু একটি পরিবার সুন্দরভাবে পরিচালিত হবে তা নয়, পুরো সমাজের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
আজিজুর রহমান সিদ্দিকী বলেন, গর্ভবতী নারীর সঠিক পরিচর্যা করলে সুস্থ সুন্দর শিশু জন্ম নেবে। পরিবারের সদস্য, সরকারি দপ্তর ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এ দায়িত্ব পালন করতে হবে।
বিবিএফের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর মোবারক আলীসহজেসমিন পারভীন, ফারজানা পারভীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান শাহানারা চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হবে। শিশুমৃত্যু হ্রাস করার বিকল্প নেই।
সমাবেশে মা হওয়ার অনুভূতি প্রকাশ করেন জেসমিন আক্তার ও পারভীন আক্তার। তাঁরা প্রসূতি মায়ের সেবাযত্ন নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।