'মাচায় থাকন যায় না, ভুড়া ও নৌকায় থাকি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী পশ্চিম মশাল চরের বন্যাকবলিত কয়েকটি পরিবার নৌকায় বসবাস করছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী পশ্চিম মশাল চরের বন্যাকবলিত কয়েকটি পরিবার নৌকায় বসবাস করছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

‘ভাইগো, যেমন রোদ, তেমন গরম। ঘরের ভিতর মাচায় থাকন যায় না। বাইরে ভুড়া (কলাগাছের ভেলা) ও নৌকায় থাকি। রোদে গাও পুইড়া যায়। বানের পানিতে গরমে পাও দেওন যায় না। অবস্থা খুব খারাপ।’
কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী দুর্গম পশ্চিম মশালডাঙ্গা চরের বাসিন্দা শহরবানু (৩৮)। শহরবানুর স্বামী নজির হোসেন মৎস্যজীবী। নজির হোসেন বলেন, ‘পশ্চিম মশালডাঙ্গা চরে ১০টি পরিবার বাস করে। সবাই দরিদ্র মৎস্যজীবী। বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠলে নৌকা নিয়ে সবাই মশালের চরে আসি। এখানে এসে দেখি একই অবস্থা। বাধ্য হয়ে নৌকায় থাকি। এখন নৌকায় রান্না, খাওয়া, থাকা। বন্যার কারণে মাছ পাওয়া যায় না। ঘরে খাবার নাই। হাওলাত করে দিন পার করছি।’
গতকাল রোববার কুড়িগ্রামের ধরলা সেতুঘাট থেকে ২০ কিলোমিটার দূরে তিনটি চর—পশ্চিম মশালডাঙ্গা চর, মশালের চর ও একদিলখড়িয়ার চর গিয়ে দেখা যায়, চারপাশে পানি আর পানি। এই চর তিনটি বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অবস্থিত। পশ্চিম মশালডাঙ্গা চরের কাশবনের ভেতর ১০-১২টি বাড়ি। সবগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। খোঁজাখুঁজির পর রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে পাওয়া গেল। তিনি ঘরের ভেতর পানির ওপর উঁচু চকিতে শুয়ে আছেন। ঘামে তাঁর সারা শরীর ভেজা।
রফিকুল ইসলাম বলেন, ‘আজ (গতকাল) পানি একটু কমছে। কিন্তু বাইরে থাকনের উপায় নাই। যেই রোদ আর গরম। গাও পুইড়া যায়। দুই দিন থাইকা এই অবস্থা। রাইতে একটু বৃষ্টি হইছি, ঘুমাইতে পারছি।’ এ সময় তিনি জানান, পানি বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার লোকজন দূরে মশালের চরে চলে গেছে।
মশালের চরে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পরিবারের সদস্যরা নৌকায় অবস্থান করছেন। সেখানেই নৌকায় দেখা হয় শহরবানু ও তাঁর স্বামী নজির হোসেনের সঙ্গে। আশপাশের ঘরের ভেতর এখনো অনেক পানি। উঁচু মাচা করে আছেন অনেকে। প্রচণ্ড গরম। নলকূপগুলো ডুবে রয়েছে। এই চরের জরিনা (৩৫) বলেন, ‘গরমের মধ্যে নদের পানি খায়া আমাশা, ডায়রিয়া হচ্ছে। পানিতে থাকতে থাকতে হাতে পায়ে ঘা হয়ে গেছে। জ্বর-সর্দি দেখা দিয়েছে। চিকিৎসা করাতে পারছি না।’ আবুল কালাম আজাদ জানান, এখানে ৩০০ পরিবার বসবাস করে। সবাই দরিদ্র দিনমজুর। শিশু, নারী, পুরুষসহ এ পর্যন্ত ২০ জনের জ্বর, ডায়রিয়া, আমাশয়, সর্দি, ঘা হয়েছে। কোনো চিকিৎসা পাচ্ছেন না। তিনি বলেন, গত দুই দিনের গরমে রোগবালাই বাড়বে। খাদিজা বেগম (৩০) বলেন, ‘বন্যার মধ্যে মানষের সাথে সাথে পশুপাখির খাবারের অভাব দেখা দিছে। দূরদূরান্ত থাইকা কাশিয়া কাটি আনি খাবার দিবার নাগছি। হামারে খাবার নাই; গরু, ছাগল, ভেড়ার খাবার দেই কোনটে থাকি।’
বেলা দুইটার দিকে ছোট ডিঙি নৌকায় চরের ১০ জন লোক কলা, কাশিয়া, খড়ি, হাঁস, মুরগি, ভেড়া বিক্রির জন্য মোল্লার হাট যাচ্ছেন। ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে যেতে হবে। এক কাঁদি কলা নিয়ে গেঞ্জি গায়ে জালাল শেখ হাটে যাচ্ছেন। তিনি বলেন, ‘ঘরে এক দানাও চাউল নাই। ১৬ দিন পানিত। দিনমজুরি করি। বাড়ির কানচাত একটা কলাগাছ। এক কান্দি কলা হইছে। এখন খাওয়ার উপযুক্ত হয় নাই, অভাবের তাড়নায় বিক্রির জন্য নিয়া যাচ্ছি। বেইচা যা পামু চাউল, লবণ, তেল আনুম।’ পাষান আলী (৪৩) একটি মুরগি ও আবুল হোসেন একটি হাঁস বিক্রির জন্য যাচ্ছেন। তাঁরা সবাই পেশায় দিনমজুর। বিক্রি করে যা পাবেন, চাল কিনে আনবেন বলে জানান। তাঁদের সবাই জানান, এক সপ্তাহ আগে কয়েকটি পরিবার এক কেজি করে চাল পেয়েছে। তাঁদের অভিযোগ, দুর্গম এলাকা বলে সাহায্য নিয়ে কেউ এই চরে আসতে চান না।
একদিলখড়িয়ার চরে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ৭০টি বাড়ি। লোকজনের একই দশা।
কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন আনোয়ার হোসেন বলেন, ‘ইতিমধ্যে ৮৫টি চিকিৎসক দল করা হয়েছে। পর্যাপ্ত ওষুধ মজুত আছে। আশা করি, কোনো অসুবিধা হবে না। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোক চলে যাচ্ছে।’