চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়ে অনুমোদন পাওয়া কিছু প্রকল্পের কাজ নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলমের নির্দেশে বন্ধ ছিল। করপোরেশনে দুই কোটি টাকার এ ধরনের অন্তত ৫০টি প্রকল্প আছে। এসব প্রকল্পের ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখনই একটি ফোনে দুটি প্রকল্প অনুমোদন পেয়ে গেল।চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকায় নালা পরিষ্কারের এই কাজ দুটি করছেন যুবলীগের নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদের।অভিযোগ পাওয়া গেছে, মাছ কাদের পরিচয়ে গত সোমবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর ই ইলাহীকে তাঁর দরপত্র দুটি ছেড়ে দিতে ফোনে হুমকি দেন। ফোন পাওয়ার পর গতকাল কাদেরের দুটি প্রকল্প অনুমোদনের জন্য মনজুর ই ইলাহী সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে নির্দেশ দেন। এ দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।মনজুর ই ইলাহী প্রথম আলোকে বলেন, ‘যান্ত্রিক ও ইলেকট্রিকের কয়েকটি ফাইলের সঙ্গে পূর্ত বিভাগের একটি বা দুটি ফাইল ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অফিসে গেলে বিস্তারিত বলতে পারব।’ মাছ কাদেরের হুমকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই নামের কাউকে চিনি না।’ সব কাজ বন্ধ রেখে কেন শুধু দুটি প্রকল্প ছাড় দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে হয়তো সব প্রকল্পই ছাড় দিতে হবে।জানা যায়, মাছ কাদের গত বছরের রমজান মাসে সর্বশেষ র্যাবের হাতে গ্রেপ্তার হন। এরপর জামিনে মুক্তি পেলে সাবেক মেয়র মহিউদ্দিন তাঁকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে সিটি করপোরেশনে ঠিকাদারি কাজ করার নির্দেশ দেন। তখন থেকে কাদের নিজস্ব লোকজন নিয়ে করপোরেশনে ছোটখাটো ঠিকাদারি কাজ শুরু করেন। তাঁর দরপত্রের কার্যাদেশ কিংবা কাজের বিল কখনো করপোরেশনে আটকে থাকত না।যোগাযোগের চেষ্টা করেও আবদুল কাদেরকে পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ ও কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাদের গত রমজানে গ্রেপ্তার হওয়ার পর থেকে আর মোবাইল ফোন ব্যবহার করেন না। যত দূর জানি, তিনি এখন দুবাই থাকেন। দেশে এলে অন্তত আমাকে একবার ডেকে পাঠান।’ সিটি করপোরেশনে কাজ সম্পর্কে বলেন, তিনি নিজে কোনো কাজ করেন না। তাঁর নামেই বন্ধুবান্ধব করেন।নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একাধিক প্রকৌশলী বলেন, ফোন করে কাজ আদায় করা একটি বাজে অভ্যাস। এভাবে কেউ হুমকি দিয়ে যদি কাজ করিয়ে নেওয়ার সুযোগ পান, তাহলে ভবিষ্যতে সব ঠিকাদারই মাছ কাদের সাজবেন।