'মাছ কাদের' প্রার্থী, শঙ্কিত ভোটাররা

আবদুল কাদের ওরফে মাছ কাদের। র্যা ব-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। খুন, অপহরণ ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে ২৯টি মামলা ছিল। একটি মামলায় সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আরেকটি খুনের মামলা বিচারাধীন। বাকি ২৭ মামলার মধ্যে ২৩টিতে বেকসুর খালাস পেয়েছেন। আর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে চারটি খুনের মামলা।
চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য আবদুল কাদের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড থেকে এবার কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাজারে মাছ কাটার সঙ্গে জড়িত লোকজনের সঙ্গে ছোটবেলা থেকেই ঘনিষ্ঠতা। সে কারণে ‘মাছ কাদের’ হিসেবে পরিচিতি তাঁর। ২০০০ সালের ১ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর ২০০৯ সালের ১৮ এপ্রিল কারাগার থেকে মুক্তি পান তিনি।
এ ওয়ার্ডে কাউন্সিলর পদে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগসমর্থিত বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, সালাউদ্দিন সরকার ও সাইফুল ইসলাম।
নজরুল ইসলামের অভিযোগ, ‘মাছ কাদের তার ক্যাডার বাহিনী নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু তার ভয়ে কেউ মুখ খুলছে না। আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি। শুনতেছি কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবে না তার ক্যাডাররা।’
অভিযোগ অস্বীকার করে আবদুল কাদের বলেন, ‘আমি আগের কাদের নেই। এলাকায় কাজ করতে কাউন্সিলর পদে লড়ছি। জনগণ যে রায় দেবে, তাই মেনে নেব। আমি কিংবা আমার ছেলেরা কাউকে ভয়ভীতি দেখায়নি। ভোটের সময়ও দেখাবে না। সবই অপপ্রচার চালানো হচ্ছে।’ র্যা ব-পুলিশের সন্ত্রাসী তালিকায় নাম থাকার বিষয়ে তাঁর দাবি, ২০০৮ সালের পর তালিকা হালনাগাদ করা হয়নি। তাই নাম রয়ে গেছে।
চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শফিউদ্দিন আজাদ হত্যা মামলার আসামি আবদুল কাদের। আজাদের বাবা মফিজুর রহমান বলেন, ‘১৮ বছর ধরে ছেলে হত্যার বিচার ঝুলে আছে। আমরা এখন কার কাছে বিচার চাইব।’ ১৯৯৭ সালের ৩০ মে গুলি করে হত্যা করা হয় আজাদকে। উচ্চ আদালতের স্থগিতাদেশে ২০০০ সাল থেকে মামলাটির কার্যক্রম বন্ধ আছে। মামলার প্রধান আসামি আবদুল কাদের।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ‘মাছ কাদের একসময় দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। তাই লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। তবে তিনি এখন ভালো হওয়ার চেষ্টা করছেন।’