‘মাছ তো কোনো দোষ করেনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ত্রিলচ গ্রামে গত বৃহস্পতিবার এক একর আয়তনের একটি পুকুরে বিষ ঢেলে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকজন মৎস্যচাষি। এলাকাবাসী জানান, ওই পুকুর তিন বছর মেয়াদে ইজারা নিয়ে মাছ চাষ করছেন উপজেলার খড়পনা গ্রামের আফজাল হোসেন, হজরত আলীসহ এলাকার কয়েকজন মৎস্যচাষি। আফজাল হোসেন থানায় লিখিত অভিযোগে আতাউর রহমান, সাজু মিয়া, ওবায়দুল, বাবর আলীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। আফজাল হোসেন বলেন, ‘মাছ তো কোনো দোষ করেনি। দোষ যদি করি, তবে তা আমি বা আমরা করেছি। ওরা মাছ কেন মেরে ফেলে দিল।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ সত্য। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।