‘মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লীকবি জসীমউদ্দীনের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোকচিত্রী নাসির আলী মামুনের সংকলিত বই মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। জসীমউদ্দীনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন রবীন্দ্রগবেষক বিপ্লব বালা।ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, কবির ছেলে জামাল আনোয়ার, অধ্যাপক আলতাফ হোসেন ও আদর্শ প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী মাহাবুব রহমান। অনুভূতি প্রকাশ করেন বইটির সংকলক নাসির আলী মামুন। আলোকচিত্রী নাসির আলী মামুন সম্পাদিত মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার আদর্শ প্রকাশনা। বইটিতে দীনেশ চন্দ্র সেন, অচিন্ত্য কুমার সেনগুপ্তসহ দুই বাংলার ৮১ জন লেখকের লেখা সংকলিত করা হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে মৃণাল সেন, মহিম শাহ, হাজেরা বিবিসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তির সঞ্চৃতিচারণামূলক রচনা। এ ছাড়া গ্রন্থপঞ্জি, কবির সংক্ষিপ্ত জীবনীসহ বিবিধ প্রসঙ্গে মোট ১১টি অধ্যায় সন্নিবেশিত করা হয়েছে। সবশেষে কবির পরিবার পরিজন ও কর্মকাণ্ডের ওপর ৫৫টি আলোকচিত্র স্থান পেয়েছে।এদিকে সকালে কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরে কবির বাড়ির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ। পল্লীকবি জসীমউদ্দীন ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ওই দিনই তাঁকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে ঐতিহাসিক ডালিমগাছের নিচে দাফন করা হয়।