‘মাটিতি বসে পড়তি ভালো লাগে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামে অবস্থিত সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রত্যন্ত গ্রামাঞ্চলের এ বিদ্যালয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অথচ শ্রেণীকক্ষের অভাবে এর শিক্ষার্থীরা ক্লাস করে খোলা মাঠে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিক্ষার্থী ৩১৪ জন এবং শিক্ষক রয়েছেন চারজন। কয়েক দিনের মধ্যেই একজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। দুই শিফটের এ বিদ্যালয়ে প্রথম শিফটে শিশু, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস হয়। দ্বিতীয় শিফটে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস হয়। একতলা ভবনের এ বিদ্যালয়ের চারটি কক্ষের একটি অফিসকক্ষ। অন্য তিনটি শ্রেণীকক্ষ। প্রথম শিফটে শিশুশ্রেণীর ক্লাস হয় খোলা মাঠে।এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগ পেয়েছে। গত বছরও সব পরীক্ষার্থী প্রথম বিভাগ পেয়েছিল। বিদ্যালয়টি স্যানিটেশন ও স্বাস্থ্যশিক্ষায় ইউনিসেফ কর্তৃক জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে রয়েছে কয়েকটি তালগাছ। এই গাছের ছায়ায় বসে ক্লাস করছে পাঁচ-ছয় বছরের শিক্ষার্থীরা। ছায়া ক্রমান্বয়ে পূর্ব দিকে সরে আসছে আর শিক্ষার্থীরা উঠে ছায়ায় বসছে। শিক্ষার্থী সাদিয়া বলে, ‘মাটিতি বসে পড়তি ভালো লাগে না।’ আরাফাত, শীলাসহ অন্য শিক্ষার্থীরা বলে, ‘ক্লাসরুমে বসে ক্লাস করতে চাই।’ শ্রেণীশিক্ষক সৈয়দা নাসরিন সুলতানা বলেন, এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। দেখা গেল, শিক্ষার্থীরা সমাবেশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করছে। এতে লেখা, ‘আমরা নিয়মিত স্কুলে আসি,’ ‘আমরা খাবার পর সাবান দিয়ে হাত ধুই,’ ‘আমরা আর্সেনিকমুক্ত পানি পান করি,’ ‘আমরা গাছতলায় ক্লাস করতে চাই না’ ইত্যাদি।প্রধান শিক্ষক মো. বদিয়ার রহমান জানান, যে তিনটি শ্রেণীকক্ষ আছে তা ছোট। যেখানে ৩০ জন বসা যায়, সেখানে ৭৬ জন পর্যন্ত শিক্ষার্থী বসাতে হচ্ছে। শিক্ষার্থী অনুপাতে ছয়জন শিক্ষক থাকার কথা; কিন্তু পদ রয়েছে মাত্র চারটি।