'মাটির গভীরে শিকড়ের ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণের এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ‘তৃণমূলে বৃক্ষরোপণ নাগরিক কমিটি’ নামে একটি সংগঠন। গতকাল রোববার বেলা ১১টায় নগরের সদরঘাট মোড়ে ‘মাটির গভীরে শিকড়ের ভালোবাসা’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম।

‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এই গানটি সমবেত কণ্ঠে গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজকেরা। এরপর বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৃণমূলে বৃক্ষরোপণ নাগরিক কমিটির আহ্বায়ক মো. ইলিয়াছের সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন খোরশেদ আলম। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক লোক অংশ নেয়। গতকাল এলাকাবাসীর মধ্যে ১০ হাজার নিম, বেল, পেয়ারা, তুলসী, বাসক পাতাসহ আট প্রকার গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, ‘দখলে, দূষণে ও লোভে নগরের মাটি আজ শিকড়হারা। মাটির গভীরে শিকড়ের ভালোবাসার অভাবে আজ প্রকৃতির ক্ষোভের শিকার আমাদের ধরণি। তাই মাটিতেই ফলাতে হবে ভালোবাসার শস্যবীজ ও ঔষধি গাছ।’

গতকাল গাছের চারা বিতরণের পর ঘোড়ার গাড়িসহ ঢোল বাজিয়ে সদরঘাট মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।