'মাটি-সন্ত্রাস' বন্ধের নির্দেশ দুই ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের চারটি গ্রামের ফসলি জমির মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল মঙ্গলবার ওই নির্দেশ দিলেও মাটি লুটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি৷
তবে ফসলি জমির মাটি দিয়ে অবৈধভাবে ইট তৈরির দায়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন৷
আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকেরা তিন মাস ধরে জামপুর ইউনিয়নের পাকুন্দা, কাহেনা, পেরাব ও কান্দাপাড়া গ্রামের প্রায় ২০০ কৃষকের ৫০০ বিঘা জমির মাটি জোর করে কেটে পুকুর বানিয়ে ফেলেছেন৷ ওই সব মাটি তাঁরা ইটভাটায় বিক্রি করেছেন৷ এ নিয়ে ২৩ মে প্রথম আলোতে ‘আ.লীগ-যুবলীগের মাটি-সন্ত্রাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়৷ ওই সংবাদের পর গতকাল ইউএনও মাহমুদ হাসান অভিযান চালান৷
ইউএনও জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বারণ করা হয়েছে৷ এর পরও মাটি কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ এ ছাড়া ওই সব মাটি দিয়ে ইট তৈরির দায়ে জামপুরের এফআরআর ব্রিকস ও এসবিএফ ব্রিকসকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ অনাদায়ে দুটি ভাটার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়৷