‘মাঠ দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না’
হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ধানমন্ডি মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। উপরন্তু ফলের মেলার নামে অবৈধ দোকান বসিয়ে শিশুদের খেলার জায়গা দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন নাগরিক সমাবেশের নেতারা।গতকাল রাজধানীর ধানমন্ডি মাঠের সব স্থাপনা উচ্ছেদের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা এই অভিযোগ করেন।সমাবেশে বক্তারা বলেন, ধানমন্ডি মাঠ বাঁচাতে ২০০৪ সালে হাইকোর্টে বাপা ও আইএবির যৌথ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে দেশের সব কটি খেলার মাঠে খেলা ছাড়া অন্য যেকোনো মেলা, হাট বা মাঠ বিনষ্টকারী কাজে ব্যবহারের জন্য সিটি করপোরেশন বরাবর রুল জারি করেন এবং সুষ্ঠুভাবে মাঠ রক্ষা করার বিষয়ে নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না।সমাবেশে অংশগ্রহণকারীরা ধানমন্ডি মাঠের চলমান অবকাঠামো নির্মাণ বন্ধসহ ইতিমধ্যে স্থাপিত সব স্থাপনা উচ্ছেদ, হাইকোর্টের রায় অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করা, সব ধরনের মেলা বা দোকান বসানো স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান।