‘মাতাল’ অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, আহত ৮
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আট যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার খাসেরহাট-হাজিমারা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পিকআপটির চালক বাবুল হোসেন মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন: ছালেম হাওলাদার (৫২), আবদুর রশিদ চৌকিদার (৭০), আলম মাতাব্বর (৩৫), আবদুর রাহিম (৩০), আবদুল আলী (৪০) ও ফারুক হোসেন (২৮)। পিকআপ ভ্যানটির যাত্রী আমিন উল্যা ও করিম উদ্দিন জানান, শুরু থেকেই চালক এলোমেলোভাবে চালাচ্ছিলেন। এ সময় যাত্রীরা তিন-চারবার তাঁকে সাবধানে চালানোর অনুরোধ করেন। কিন্তু চালক তাতে কান দেননি। সড়কের নতুন সেতু এলাকায় গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। চরবংশী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম বলেন, ‘আহত যাত্রীরা সবাই আমার ওয়ার্ডের বাসিন্দা। চালক বাবুল হোসেনও আমার এলাকার। বাবুল একজন মাদকাসক্ত। গাড়ি চালানোর আগেও তিনি মাদক সেবন করেছিলেন। চালক মাতাল থাকাতেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।’ হাজিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক মো. ফরহাদ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছেন।