'মাতৃত্বকালীন ভাতার অঙ্ক দরিদ্রদের সঙ্গে ছলনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেছেন, মাতৃত্বকালীন ভাতার যে অঙ্ক তা দরিদ্রদের সঙ্গে ছলনার নামান্তর। আজ রোববার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি করের আওতা বাড়িয়ে এসব খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘২০১৫ পরবর্তী উন্নয়ন কর্মসূচি ও জেন্ডার সংবেদনশীল বাজেট’ শীর্ষক আলোচনা সভায় বিনায়ক সেন বলেন, ‘মাতৃত্বকালীন ভাতা হিসেবে মায়েদের মাসে ৫০০ টাকা দেওয়া হচ্ছে। এটা ছলনা। একজন কৃষি শ্রমিক দিনে এখন এই পরিমাণ টাকা উপার্জন করেন।’ তিনি বলেন, সম্পদের মালিকেরা যদি সম্পদের ন্যায্য মূল্য দেখান তাহলে তাঁদের কাছ থেকে কর বা সারচার্জ হিসেবে যে আয় হবে তা স্বাস্থ্য-শিক্ষা খাতে বরাদ্দ করা যায়।
মাদ্রাসা শিক্ষায় যে অতি দরিদ্র পরিবারের শিশুদের পড়ানো হচ্ছে, তারা যেন শ্রমবাজারে টিকে থাকতে পারে সে জন্য সচেতন ও সংবেদনশীল হওয়ারও অনুরোধ করেন বিনায়ক সেন। বিভিন্ন খাতে উন্নয়নের উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নারী আন্দোলন কর্মীদের স্লোগান তুলতে হবে, “কেন আরও দ্রুত গতিতে বৈষম্য দূর হচ্ছে না। ”’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বাংলাদেশে নারী আন্দোলনটা কীভাবে চলছে সে সম্পর্কে জানান। তিনি বলেন, অগ্রগতি হলেও সম্পত্তির মালিকানা পাওয়ার ক্ষেত্রে নারী পিছিয়ে থাকছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন, ‘অতিবিপ্লবী’ কোনো পদক্ষেপ নিলে রাষ্ট্র বিপদে পড়বে। তিনি আরও বলেন, নীতিনির্ধারকদের সঙ্গে আন্দোলনকারীদের দূরত্ব আছে। যেসব রাজনৈতিক দল নারী আন্দোলনকে সহযোগিতা করে তাদের নিজেদেরই শক্তি নেই, আর শক্তিশালী দলকে সঙ্গে পাওয়া যায় না।
জেন্ডার সংবেদনশীল বাজেট থেকে নারীরা আসলে কি পাচ্ছে সে নিয়ে আলোচকেরা কথা বলেন। মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলেন, বাজেট পরবর্তী মূল্যায়ন দরকার। সরকারের ৩৯টি মন্ত্রণালয় ও দুটি বিভাগ জেন্ডার সংবেদনশীল বাজেট করছে। কিন্তু এই বাজেট কতটা কার্যকরভাবে নারীদের ক্ষমতায়নে, নারীদের নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে তার কোনো মূল্যায়ন হচ্ছে না।
বিআইডিএসের গবেষক নাজনীন আহমেদ বলেন, কার্যকর প্রকল্প নেওয়া দরকার। উদাহরণ হিসেবে তিনি একটি অনুদান নির্ভর প্রকল্পের উল্লেখ করেন। ওই প্রকল্পে নারীদের সোলার প্যানেল লাগানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণ পাওয়ার পর দেখা গেছে নারীরা কাজটি করছেন না। তাঁরা বলেছেন বাংলাদেশের বাস্তবতায় কারও বাড়ির চালের ওপর উঠে একজন নারীর পক্ষে সোলার প্যানেল লাগানো সম্ভব না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক বলেন, বাজেটে নারীদের মাথায় রেখে কিছু প্রকল্প নেওয়া হয়েছে। কোনো কোনোটি নিয়ে বিতর্ক আছে। বেশ কিছু প্রকল্পের উদ্দেশ্য পরিষ্কার নয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতিমালার ওপর ভিত্তি করে বাজেট প্রণয়নের দাবি করে আসছে নারী সংগঠনগুলো। বাজেটে কোনো নীতিটি বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে বলা হয়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, আন্দোলন উপপরিষদের সম্পাদক কাজী সুফিয়া আখতার।