'মাতৃভাষার প্রচলনে সরকারের আন্তরিকতা নেই'
উচ্চ আদালতে মাতৃভাষার প্রচলন এবং সাধারণের বোঝার জন্য মামলায় রায় বাংলায় লেখার রীতি চালুর বিষয়ে সরকার ও আদালতের আন্তরিকতা নেই। সাধারণ মানুষ বা ভুক্তভোগীদের কথা বিবেচনায় না নিয়ে আইনজীবীরা নিজেদের সুবিধার্থে ইংরেজি ব্যবহার করে থাকেন। বিচারকেরাও রায় দিয়ে থাকেন ইংরেজিতে।
‘উচ্চ আদালতের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন’ শীর্ষক মুক্ত আলোচনায় শনিবার আলোচকেরা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে হিউম্যানিটি ফাউন্ডেশন এই আলোচনার আয়োজন করে।
ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘দাস মানসিকতার কারণে আমরা এখনো ব্রিটিশ রাজের ভাষা ইংরেজিকে গুরুত্ব দিয়ে থাকি। সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা। তার মানে সর্বস্তরে বাংলা। এখন ইংরেজিতে রায় লেখা কি সংবিধানের লঙ্ঘন নয়?’
আলোচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে কেন্দ্র করে এটি হয়েছে।’ তাঁর প্রশ্ন, ‘তাহলে কেন আমরা বাংলায় রায় লিখতে পারি না?’ তিনি বলেন, ‘এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সর্বস্তরে বাংলাকে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বাংলায় রায় লিখতে বাধ্য হন।’
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মিজানুর রহমান খান। তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের আদেশের অংশ বাংলায় তরজমা করে প্রকাশের সুপারিশ করেন। ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন ইত্যাদি বাংলায় অনুবাদের সুপারিশ করে তিনি বলেন, ২০১১ সালে আইন কমিশন দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির দুটি বিধান দেখিয়ে বলেছিল, এর আওতায় সরকার বলে দিতে পারে, আদালতের ভাষা কী হবে। কিন্তু সরকার তা করেনি। এর অর্থ হলো আদালতে মাতৃভাষা চালুর বিষয়ে সরকার বা আদালতের আন্তরিকতা নেই।
অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতি ও অর্থনীতিতে লোকজনের মুখের ভাষার ব্যবহার না থাকলে কোনো দেশের উন্নয়ন হয় না।
ভাষার উন্নয়নে বাজেটে বরাদ্দের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম মো. ফজলুল হক বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে হলে সর্বস্তরে বাংলা চালু করতে হবে। যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, ডব্লিউটিএ, ন্যাটো, আইএমএফকে দিয়ে দেশ পরিচালিত হলে দেশের উন্নয়ন হবে না। মানুষের বোঝার জন্য ব্রিটিশরা ইংরেজি আইনকে বাংলায় অনুবাদ করত। আমাদের স্বাধীন দেশের সরকারের সেই দায়িত্ববোধও নেই।’
নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, আদালতে বাংলা ভাষার প্রচলন যাঁরা করতে পারেন, তাঁদের বলে-কয়ে কিছু হচ্ছে না। তাই বলছি, আল্লাহ যেন তাঁদের হেদায়েত করেন। তাতেই আদালতে বাংলা চালু হতে পারে। ৫২-তে রক্ত দিয়ে ভাষা রক্ষা করা হয়েছে। সেই রক্তের প্রতি শ্রদ্ধাশীল হোন।
আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘আদালতে শুরু করতে হয় “মি লর্ড” বলে। যার অর্থ বিচারক আমার প্রভু। বাংলার প্রচলন শুরু হলে এর চেয়ে অনেক বেশি সুন্দর ও উপযোগী শব্দের ব্যবহার সম্ভব।’