
সকালের আকাশে মেঘের আনাগোনা ছিল। তাই সূর্য ওঠার ঘণ্টা দুই পরও রোদ ছড়ায়নি। এর মধ্যে ফটকের সামনে কয়েক শ শিক্ষার্থী ও অভিভাবকের ভিড় জমে ওঠে। শিক্ষার্থীরা একে একে প্রবেশ করে ফটকের ভেতর।
‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’ স্লোগান নিয়ে গতকাল শনিবার ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ময়মনসিংহ অঞ্চলের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। এতে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ৪৬টি স্কুল ও কলেজের ৯৮০ শিক্ষার্থী অংশ নেয়। দিনভর অনুষ্ঠিত এ ভাষা উৎসবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, ‘বানান বীর’ প্রতিযোগিতা, দেশের গান ও আবৃত্তিতে অংশ নেয়। বাংলা ভাষার চর্চা ও মর্যাদা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে তারা।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। ভাষার পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। পরে সবাই মিলে বেলুন উড়িয়ে প্রতিযোগের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে নাছিমা আক্তার বলেন, বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জনের পেছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস। সে ভাষাকে মর্যাদায় বিশ্বের বুকে সমুন্নত রাখার দায়িত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। তিনি শিক্ষার্থীদের দেশকে ভালোবাসার আহ্বান জানান।
উদ্বোধনের পর শিক্ষার্থীরা ৩০ মিনিটের পরীক্ষায় অংশ নেয়। পরে তারা ৫ মিনিটের বানান প্রতিযোগিতায়ও অংশ নেয়। বেলা ১১টা থেকে মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে শিক্ষার্থীরা মঞ্চে বসা বিশেষজ্ঞদের কাছে ভাষা বিষয়ে নানা প্রশ্নের উত্তর জেনে নেয়।
বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে শিক্ষার্থীরা জিতে নেয় পুরস্কার। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মাহবুবুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান মাহবুব বোরহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা, নাছিমা আক্তার ও এইচএসবিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর।
এরপর ছিল পরীক্ষার মাধ্যমে নির্বাচিত আটজন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘বানান বীর’ প্রতিযোগিতা। এই পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নীলাঞ্জনা মজুমদার, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আয়েশা আশরাফী ও ময়মনসিংহ জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আঞ্জামান আরেফিন।
বেলা আড়াইটায় শুরু হয় সমাপনী পর্ব। এ পর্বে চারটি ক্যাটাগরির মোট ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের প্রত্যেককে মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা। বিজয়ীদের মধ্যে সেরাদের সেরা হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুশফিক-ই-ইলাহী। সমাপনী পর্বে মাহবুবুল হক খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে। তোমাদের মাধ্যমে ভাষার মর্যাদা বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।’ এ সময় তিনি নাছিমা আক্তারের হাতে ভাষা প্রতিযোগের ভেন্যু স্মারক তুলে দেন।
ভাষা প্রতিযোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ ও আনন্দমোহন কলেজ শাখার বন্ধুসভার বন্ধুরা। সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সহসভাপতি নাহিদ মণ্ডল।