'মাতৃভাষায় শিক্ষা নিতে না পারলে তা সম্পূর্ণ হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভাষায় শিক্ষা নিতে না পারলে তা সম্পূর্ণ হয় না বলে মন্তব্য করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ ও ভাষা আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

১৯২৬ সালের ৯ ফেব্রুয়ারি ‘তৎকালীন জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন দিবস স্মরণে’ এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
আহমদ রফিক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ শাসন আমল থেকেই শিক্ষার ক্ষেত্রে বাংলার ভাষার প্রাধান্য দিয়েছেন। বাংলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য রবীন্দ্রনাথ অনেক চেষ্টা করেছেন। রাজনীতি ও ভাষা আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথ অনেক প্রাসঙ্গিক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চালু করতে হবে। এ ছাড়া বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের জন্য ভাষা প্রজন্ম গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলা ভাষার শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারপারসন হোসনে আরা বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক সাবিনা ইয়াসমিন ও মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষক আরজুমন্দ আরা বানু প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।