'মাতৃস্নেহে' ওরা ৪৪ জন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বাবা-মা হারানো বিভিন্ন জেলার ৪৪ জন শিশু অনেকটা মাতৃস্নেহে বেড়ে উঠছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের অরকা হোমসে।
তাদের লেখাপড়াসহ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে অরকা হোমস্ (ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন) নামের এই প্রতিষ্ঠান। বিজিএমইএর সহায়তায় প্রতিষ্ঠানটি শিশুদের লেখাপড়া ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে।
গাইবান্ধার অরকা হোমস্ কার্যালয় সূত্র গতকাল রোববার জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে অরকা হোমস্ গড়ে তোলা হয়। প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করা হয়।
এখানে উন্নত পরিবেশে ৪৪ জন শিশু বসবাস করছে। এর মধ্যে ২৩ জন ছেলে ও ২১ জন মেয়ে। শিশুদের ২৮ জন দুই বছর ধরে এবং ১৬ জন প্রায় এক বছর ধরে এখানে বসবাস করছে। এসব শিশু অরকা হোমস্-সংলগ্ন হোসেনপুর মুসলিম একাডেমিতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
দিনাজপুরের মহেশপুর এলাকার মরিয়ম খাতুন এই প্রতিবেদককে বলে, ‘ভবনধসে মাকে হারিয়েছি। এখানে ভালো আছি। লেখাপড়া শিখে প্রকৌশলী হব।’
ফরিদপুর জেলার সাতভাঙ্গিয়া গ্রামের আফসানা আক্তার বলে, ‘ওই ঘটনার পর থেকে মা বিউটি বেগমকে খুঁজে পাইনি। বাবা শ্রমিকের কাজ করেন। তিনি আমাদের খোঁজ নেন না। অরকা হোমস্ আমার থাকা-খাওয়া ও লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। আমার ছোট ভাই আবদুল্যাহ মিয়া আমার সাথে এখানে থাকে। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। আমি পঞ্চম শ্রেণিতে পড়ছি। আমরা ভালো আছি।’ তাদের মতো প্রায় সবাই ভালো থাকার কথা জানায়।
অরকা হোমসের তদারকির দায়িত্বে নিয়োজিত হোসেনপুর মুসলিম একাডেমির উপাধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সাতজন কর্মকর্তা-কর্মচারী শিশুদের তদারক করছেন। এখানে বসবাসকারী শিশুদের লেখাপড়া শেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেয়েদের বিয়ের ব্যবস্থা করা হবে। শিশুরা যেন বাবা-মায়ের মতো স্নেহ পায় সে জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।