‘মাতৃস্নেহে’ কুড়িয়ে পাওয়া নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিতে জমা হওয়া বৃষ্টির পানিতে জাল টেনে মাছ ধরছিল কয়েকটি শিশু। হঠাৎ তাদের কানে আসে নবজাতকের কান্নার আওয়াজ। শিশুরা পাশের নির্মাণাধীন ভবনের মেঝের বালুর স্তূপে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় জুলেখা বেগম নামের এক নারী ফুটফুটে বাচ্চটিকে কোলে নিয়ে বাড়িতে চলে যান। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগান এলাকায় গত শুক্রবার নবজাতকটি পাওয়া যায়। সে এখনো জুলেখার আশ্রয়ে আছে। জুলেখা উপজেলার উত্তর সাগরনাল গ্রামের মো. সিরাজ মিয়ার স্ত্রী। গত শনিবার জুলেখার বাড়িতে গিয়ে দেখা যায়, জুলেখা বাচ্চটিকে কোলে নিয়ে চামচ দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন। পাশে দাঁড়িয়ে আছেন সিরাজ। শিশুটিকে দেখতে ভিড় জমিয়েছেন আশপাশের কিছু লোক। এ সময় জুলেখা বলেন, ‘গিয়া দেখি বাইচ্চাটা বালুর মাঝে ফালাই রাখা। খালি কান্দের (কাঁদছে)। আমিও তো মা। আগপিছ না ভাবিয়া বাইচ্চাটারে কোলো তুলি নিলাম।’জুলেখা আরও জানান, শুক্রবার বিকেলের দিকে বাচ্চাটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, সে (নবজাতক) সুস্থ আছে।