'মাথা গোঁজার ঠাঁই চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি আকারের নৌকা। তবে তা পানিতে ভাসছে না—চলছে রাজধানীর রাস্তায়। আর তা ঠেলে নিয়ে যাচ্ছেন দুজন। সামনে আছেন বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধ। আর পেছনে ধাক্কা দিচ্ছেন এক তরুণ। তাঁদের গন্তব্য সংসদ ভবনের সামনের রাস্তা। আর সেই নৌকায় আছে নানা ধরনের রাজনৈতিক পোস্টার।

বৃদ্ধের নাম মো. আবদুস সালাম। তিনি চান মাথা গোঁজার একটু ঠাঁই। এ দাবিতেই সংসদ ভবনের সামনে নৌকা নিয়ে দাঁড়াতে চান তিনি।

কেন নৌকা নিয়ে এই দাবি—এমন প্রশ্ন করলে মো. আবদুস সালাম বলেন, কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। সেই সুযোগে তাঁর সম্পত্তি দখল করে নিয়েছে নিকটাত্মীয়রা। তাঁর দাবি, তিনি আওয়ামী লীগের সদস্য। এখন তিনি সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই চান।

নৌকা নিয়ে সংসদ ভবনের সামনের রাস্তায় আসতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে মো. আবদুস সালামকে। তাঁর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়াতে। সেখান থেকে কামরাঙ্গীরচর চরে এসে নৌকা কেনেন তিনি। এরপর তা নিয়ে আসার সময় শ্রমিকদের বাধার মুখে পড়েন। তাঁর ভাষায়, শ্রমিকদের ‘ফিটিং’ দিয়ে নৌকা নিয়ে লালবাগ আসেন। সেখানে তাঁর নৌকার চাকা চুরি হয়ে যায়। এতে বেশ ভোগান্তি হয় বলে দাবি করেন মো. আবদুস সালাম।

এরপর আবার চাকা লাগিয়ে নৌকাটি নিয়ে কারওয়ান বাজার আসেন তিনি। সেখানে আওয়ামী লীগের অফিসে যোগাযোগও করেন।

নৌকাটি নিয়ে কিছুটা বিপদেই পড়েছেন মো. আবদুস সালাম। মূল সমস্যা হলো বয়সের কারণে এত ভারী নৌকা টেনে নিয়ে যেতে পারছেন না। তাই সংসদ ভবনের সামনের রাস্তায় যাওয়ার জন্য শেষে সাহায্য নেন স্থানীয় এক ব্যক্তির।

ওই ব্যক্তির নাম ওমর ফারুক। লালমাটিয়ায় একটি মুদি দোকানে কাজ করেন তিনি। সেই দোকানের সামনেই রোববার সকালে নৌকাটি রেখেছিলেন মো. আবদুস সালাম। ফারুককে তিনি নৌকাটি ঠেলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

ওমর ফারুক বলেন, বয়স্ক মানুষ বলেই সাহায্য করেছেন তাঁকে। নৌকাটি টেনে নিয়ে সংসদ ভবনের সামনের রাস্তায় দিয়ে এসেছেন। এরপরই নিজের দোকানে চলে আসেন ফারুক। মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, সন্ধ্যার পর আবার খোঁজ নিতে যাবেন। দেখে আসবেন কীভাবে আছেন আশ্রয়ের দাবিতে থাকা মো. আবদুস সালাম।