'মাথা গোঁজার ঠাঁই চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি আকারের নৌকা। তবে তা পানিতে ভাসছে না—চলছে রাজধানীর রাস্তায়। আর তা ঠেলে নিয়ে যাচ্ছেন দুজন। সামনে আছেন বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধ। আর পেছনে ধাক্কা দিচ্ছেন এক তরুণ। তাঁদের গন্তব্য সংসদ ভবনের সামনের রাস্তা। আর সেই নৌকায় আছে নানা ধরনের রাজনৈতিক পোস্টার।
বৃদ্ধের নাম মো. আবদুস সালাম। তিনি চান মাথা গোঁজার একটু ঠাঁই। এ দাবিতেই সংসদ ভবনের সামনে নৌকা নিয়ে দাঁড়াতে চান তিনি।
কেন নৌকা নিয়ে এই দাবি—এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। সেই সুযোগে তাঁর সম্পত্তি দখল করে নিয়েছে নিকটাত্মীয়রা। তাঁর দাবি, তিনি আওয়ামী লীগের সদস্য।
নৌকা নিয়ে সংসদ ভবনের সামনের রাস্তায় আসতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আবদুস সালামকে। তাঁর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। সেখান থেকে রাজধানীর কামরাঙ্গীরচরে এসে নৌকা কেনেন তিনি। এরপর তা নিয়ে আসার সময় শ্রমিকদের বাধার মুখে পড়েন। তাঁর ভাষায়, শ্রমিকদের ‘ফিটিং’ দিয়ে নৌকা নিয়ে লালবাগ আসেন। সেখানে তাঁর নৌকার চাকা চুরি হয়ে যায়। এতে বেশ ভোগান্তি হয় বলে দাবি করেন আবদুস সালাম।
নৌকাটি নিয়ে বিপদে পড়েছেন আবদুস সালাম। মূল সমস্যা হলো বয়সের কারণে এত ভারী নৌকা টেনে নিয়ে যেতে পারছেন না। তাই সংসদ ভবনের সামনের রাস্তায় যাওয়ার জন্য শেষে সাহায্য নেন স্থানীয় এক ব্যক্তির।