‘মাদক গ্রহণ করব না, মাদক ব্যবসায় জড়িত হব না’
মাদক ব্যবসার সঙ্গে জড়িত হব না, মাদক গ্রহণ করব না। তবু বাঁচার জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হরিজনসম্প্রদায়ের চাকরিপ্রার্থীদের আগে চাকরির নিশ্চয়তা দিতে হবে। বসবাসের জন্য হরিজন কলোনি তৈরি করে দিতে হবে।গতকাল শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার সদস্যসচিব শ্রী মনু হরিজন লিখিত বক্তব্যে উল্লিখিত কথাগুলো বলেন। এ সময় শংকর হরিজন, মন্টু হরিজন, দীপক হরিজন, সাগরী হরিজন, রাধারাণী হরিজনসহ হরিজনসম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ প্রেসক্লাবে উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে শ্রী মনু হরিজন দাবি করেন, তাঁদের বসবাসের জন্য নিজস্ব কোনো জায়গা-জমি নেই। তাঁরা শহরের রেললাইনের পাশে নোংরা পরিবেশে বসবাস করেন। চোরাচালানিরা ট্রেনে করে অবৈধভাবে গাঁজা, ফেনসিডিল, মদ, হেরোইন, জিরা, চিনিসহ বিভিন্ন অবৈধ মালামাল নিয়ে আসে। র্যাব, পুলিশ, বিজিবি ট্রেন চেকিংয়ের সময় চোরাচালানিরা ভয়ে হরিজনদের বস্তিতে অবৈধ মালামাল ফেলে পালিয়ে যায়। এতে নিরীহ হরিজনদের হয়রানি হতে হয়।পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে হরিজনসম্প্রদায়ের লোকেরা সাধারণ মানুষকে ভালো পরিবেশে রাখার দায়িত্বে নিয়োজিত। অথচ রেলের বস্তিতে তারা নোংরা ও আবর্জনার মধ্যে বসবাস করছে। তাদের দাবি, অবিলম্বে পৌরসভা থেকে তাদের জন্য হরিজন কলোনি করা হোক।পরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে দুপুর ১২টার দিকে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।