'মাদক ছাড়লেই কর্মসংস্থানের ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেছেন, আজ রোববারের (১৫ জানুয়ারি) মধ্যে যেসব মাদকসেবী, মাদকবিক্রেতা ও মাদক তৈরিকারী পুলিশের কাছে মুচলেকা দিয়ে মাদক ছাড়ার প্রতিজ্ঞা করবেন, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বিরামপুর সার্কেল কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে ‘ওপেন হাউস ডে’ আলোচনা সভায় গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসপি হামিদুল এসব কথা বলেন।

এসপি হামিদুল আরও বলেন, গত বছরের অক্টোবরে তিনি দিনাজপুরে যোগদান করার পর সীমান্তবর্তী এই জেলায় মাদক নির্মূলে এ পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যেই মাদক ব্যবসা ছেড়ে দেওয়া শতাধিক নারীকে সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন সহযোগিতার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া ওই আলোচনা সভায় বিরামপুর পরিত্যক্ত উপকারাগারটি অচিরেই চালুর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর থানার ওসি মো. মোখলেছুর রহমান। পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি আবদুল আজিজ সরকার। এ ছাড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও বক্তব্য দেন।