কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ছিদ্দিরচর আশ্রয়ণ প্রকল্পে ৭০টি পরিবারের বাস। ভোটার প্রায় ২৫০। এঁদের মধ্যে অনেকে বলেন, এই প্রকল্প এলাকা মাদকমুক্ত করার ব্যাপারে যেসব প্রার্থীর প্রতি আস্থা তৈরি হয়েছে, তাঁদের ভোট দেবেন। একজন নারী ভোটার বলেন, ‘মাদক দূর করতে না পারলে ভোট নাই।’
এ উপজেলার সাতটি ইউপিতে আগামীকাল শনিবার নির্বাচন। সাতটির মধ্যে কালিকাপ্রসাদ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক মিয়া, বিএনপির লোকমান মিয়া, জাতীয় পার্টির (জাপা) কামাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আ. রব ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্প এলাকার অন্তত অর্ধশত ভোটারের সঙ্গে কথা হয়। আছমা বেগম নামের এক গৃহবধূ প্রথম আলোকে বলেন, এক যুগ ধরে প্রকল্পের ৪৪ নম্বর ঘরে বাস করে আসছেন। প্রতি দশ পরিবারের জন্য একটি নলকূপ ও একটি শৌচাগার বরাদ্দ থাকলেও এখন দুটির অবস্থা নাজুক। তবে বর্তমানে এখানে মাদকের সমস্যা সবচেয়ে বড়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, কয়েক বছর ধরে আশ্রয়ণ প্রকল্পটি অরক্ষিত হয়ে পড়েছে। সন্ধ্যার পর অন্য গ্রাম থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী এখানে আসেন। এ প্রকল্পের কয়েকটি ঘরে অবস্থান নিয়ে তাঁরা হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করেন। সন্ধ্যার পর বিভিন্ন গ্রাম থেকে অনেকে এখানে মাদক সেবন করতে আসেন।
৪৩ নম্বর ঘরের বাসিন্দা আবেদা খাতুন ও ১ নম্বর ঘরের আবদুস ছাত্তার বলেন, আবাসনের প্রায় সব ঘরই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে ফুটো চালা দিয়ে পানি পড়ে। এ ছাড়া ঘরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই মাদক সমস্যা দূর করার পাশাপাশি আগামী দিনের জনপ্রতিনিধিদের কাছে তাঁদের প্রত্যাশা জলাবদ্ধতাও যেন দূর করা হয়।