'মাদক ব্যবসায়ীকে' ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় তিন ‘মাদক ব্যবসায়ীকে’ গত বৃহস্পতিবার রাতে আটক করে পুলিশ। কিন্তু যুবলীগের নেতার তদবিরে তাদের মধ্যে একজনকে গতকাল শুক্রবার সকালে থানা-হাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম ফিরোজ মণ্ডল। বাড়ি উপজেলার মোহর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ফিরোজ মণ্ডলের (২৪) সঙ্গে একই গ্রামের আবুল হাসান (২৮) ও দেবীপুর গ্রামের ফিরোজ মাহমুদকে (৩৩) আটক করে পুলিশ। তাঁদের দেহ তল্লাশি করে হেরোইন পাওয়া যায়।
দুপুরে তানোর থানার ওসি আবদুর রাজ্জাক প্রথম আলোর কাছে আটকের পর ফিরোজকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে উপজেলার তালন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বলেন, ফিরোজকে সন্দেহের বশে আটক করা হয়েছিল। পরে পুলিশকে বিষয়টি বুঝিয়ে বলার পর ছেড়ে দেওয়া হয়।