'মাদক ব্যবসায়ী'র বাড়িতে তিনটি সুড়ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শেখের চক এলাকায় জিল্লুর রহমান নামের এক ‘মাদক ব্যবসায়ী’র বাড়িতে তিনটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ওই বাড়িতে অভিযান চালানোর সময় এসব সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এ সময় উদ্ধার করা হয়েছে কিছু ধারালো অস্ত্র। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিল্লুর রহমানের বাড়িতে তাঁর দুই ছেলে মাদকের আসর বসাত। এ অভিযোগে তাদের ধরতে ও মাদকদ্রব্য উদ্ধারে গতকাল দুপুরে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মেঝেতে মাদক রাখার সুড়ঙ্গগুলোর সন্ধান মেলে। তবে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা যায়নি। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো, জিল্লুর রহমানের দুই ছেলে সালাউদ্দিন ও রাশেদ এবং নগরের সাধুর মোড় এলাকার বাসিন্দা আরিফুল। গ্রেপ্তারকৃতরা শেখের চক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, তিন কক্ষের ওই বাড়ির দুটি কক্ষ ও বাথরুমে সুড়ঙ্গগুলোর সন্ধান মেলে। টাইলস বিছানো মেঝে কেটে ড্রাম দিয়ে সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছে। খোলা টাইলস তুললেই সুড়ঙ্গের মুখ দেখা যায়।
আবুল বাশার আরও বলেন, বাড়ির পাশে পদ্মা নদীর তীর ঘেঁষে থাকা একটি ক্লাবঘরেও অভিযান চালানো হয়।