'মাদকই জন্ম দিচ্ছে ছিনতাইকারীর'
‘নগরে ক্রমে মাদকের বিস্তার ঘটছে৷ মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে বাড়ছে ছিনতাইকারীর সংখ্যাও। মাদকই দিচ্ছে ছিনতাইকারীর জন্ম। এ কারণে যত্রতত্র ছিনতাইও হচ্ছে। ছিনতাই নিয়ন্ত্রণ করতে হলে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা চাই।’
গতকাল রোববার সকালে সিলেট কোতোয়ালি থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে এ মত দিয়েছেন নগরের বাসিন্দা পেশাজীবীরা। মহানগর পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে সিলেট কোতোয়ালি থানায় সর্বশেষ ওপেন হাউস ডে হয়েছিল। দীর্ঘ বিরতি দিয়ে এ অনুষ্ঠান হওয়ায় উৎসাহ নিয়ে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। শুরুতেই বিগত ছয় মাসে কোতোয়ালি থানা পুলিশের ‘অর্জন’ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ছয় মাসে পুলিশের অর্জন হিসেবে একটি গুলিসহ একটি রিভলবার, দুটি কার্তুজসহ দুটি পাইপগান, ২৮ বোতল ফেনসিডিল, ৪৮ বোতল জেনোসিডিল, ২০৬টি ইয়াবা বড়ি, ৫২৫ লিটার চোলাই মদ, ১০ পুরিয়া হেরোইন, তিনটি চোরাই মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়৷ এ সময় অপরাধী হিসেবে ২৪ জন ডাকাত, ৫৩ জন ছিনতাইকারী, ৪৪ জন চোর, চারজন অস্ত্রধারী ও ৪২ জন মাদকসেবীকে গ্রেপ্তারের তথ্য উপস্থাপন করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ, জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কেঁৗসুলি শামসুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর দিনার খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল রকিব প্রমুখ।
ছিনতাই ও মাদক নিয়ে আলোচনা হয় বেশি। এতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। মাদকের বিস্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সংরক্ষিত এলাকায়ও রয়েছে৷ এ থেকে নগরে ক্রমে বাড়ছে ছিনতাই ও চুরি৷ এ ক্ষেত্রে পুলিশকে মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করারও পরামর্শ দেওয়া হয়।
জবাবে পুলিশ কমিশনার ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন। নগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদেরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেট মহানগর এলাকায় প্রতি ৮৫০ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। এ হিসাবে পুিলশের ছয় শতাধিক সদস্যের স্বল্পতা রয়েছে। অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও পুলিশকে জনস্বার্থ ও অপরাধ দমনে কাজ করতে হয়।