'মাদকমুক্ত সুন্দর তরুণ দেশ গড়ে তোলার শপথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে দিনব্যাপী মাদকবিরোধী বন্ধুমেলা ২০১৫-এ মাদকমুক্ত একটি সুন্দর তরুণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার শপথ নিয়েছেন উপস্থিত তরুণ-তরুণীরা।
গতকাল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা উত্তোলন করা হয়। পরে বন্ধুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবক চিকিৎসক এম এ গফুর।
পরে শিল্পকলা মঞ্চে প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা চিকিৎসক সৈয়দা বদরুন নাহার, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে আনোয়ার হাবিব, চাঁদপুর বন্ধুসভার সভাপতি আফরোজা খাতুন, অনুষ্ঠানের সমন্বয়কারী রূপক রায়। একপর্যায়ে উপস্থিত তরুণ-তরুণীদের মাদকমুক্ত তরুণ সুন্দর দেশ গড়ার শপথ করান সাইদুজ্জামান রওশন।
উদ্বোধনী বক্তব্যে এম এ গফুর বলেন, মাদক এ দেশের যুবসমাজকে ধ্বংস করে ফেলছে। মাদকমুক্ত সুন্দর তরুণ দেশ উপহার দিতে এ দেশের তরুণেরাই পারে। প্রথম আলোর মতো প্রত্যেককে আহ্বান জানাব মাদকবিরোধী বন্ধুমেলার মাধ্যমে এ দেশকে মাদকমুক্ত করে তুলতে।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন জেলার বন্ধুরা উপস্থিত সবাইকে দেশাত্মবোধক একক ও দ্বৈত গান, নাচ ছাড়াও নাটক, ক্যাটওয়াকসহ নানা ধরনের আনন্দ উপহার দেন। এতে সার্বিক সহায়তাসহ ৫০ জনকে পুরস্কার দেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
বন্ধুমেলায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, মতলব বন্ধুসভা ও হাজীগঞ্জ বন্ধুসভার প্রায় সাড়ে তিন শ সদস্য অংশ নেন।
এ সময় প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ প্রতিনিধি মুহাম্মদ জাকির হোসেন ও হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও চাঁদপুর বন্ধুসভা মাদকবিরোধী এ বন্ধুমেলার আয়োজন করে।