'মাদকসেবী পরিণত হন মানববোমায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেছেন, ‘মাদক নামের রাসায়নিক দ্রব্য রক্তের সঙ্গে মিশে আমাদের মস্তিষ্কে যায়। এই দ্রব্যই কিশোর ও তরুণ মনে এলোমেলো ঝড় তোলে। যার প্রভাবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। একজন মাদকসেবী পরিণত হন মানববোমায়।’
গতকাল শনিবার ঢাকার সাভারের কলমা ওয়াজ আলী মডেল স্কুলে মাদকমুক্ত পরামর্শ সহায়তা অনুষ্ঠানে মোহিত কামাল এসব কথা বলেন।
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ও ওয়াজ আলী ট্রাস্টের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মোহিত কামাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের চারপাশে মাদকের ফাঁদ বিস্তৃত হয়ে আছে। তোমাদের মতো ছেলেমেয়েরা সেই ফাঁদে পড়ে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছ। এ কারণে আজ আমরা শঙ্কিত। তাই তোমাদের কাছে ছুটে এসেছি। তোমাদের সাবধান হতে হবে। প্রতিজ্ঞা করতে হবে, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তোমরা কখনোই মাদক নেবে না।’
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল বলেন, প্রথম আলো সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন বিপর্যয় ও দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলমা ওয়াজ আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মানিউর রহমান ও প্রধান শিক্ষক মো. সুরুজ মিয়া। আলোচনায় অংশ নিয়ে নানা প্রশ্ন ও মতামত তুলে ধরে শিক্ষার্থীরাও।
দশম শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম বলে, মাদক ব্যবসায়ীরা মাঝেমধ্যে ধরা পড়লেও অল্প সময়ের মধ্যেই ছাড়া পেয়ে যান। এরপর তাঁরা আবার আগের মতোই মাদক ব্যবসা চালিয়ে যান। এ কারণে সমাজ থেকে মাদকের প্রভাব দূর হচ্ছে না। মাদক ব্যবসায়ীরা যাতে সহজে ছাড়া না পান, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আরিফুল।