‘মাদকাসক্ত ব্যক্তিকে নিরাপদ জীবনের স্বপ্ন দেখাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেছেন, ‘মাদকের ভয়ানক ছোবলে দেশের তরুণসমাজ যেভাবে আক্রান্ত হচ্ছে, তা প্রতিকারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু শাসন করে কোনো মাদকাসক্ত ব্যক্তিকে মাদক থেকে বিরত রাখা যাবে না, তাঁর প্রতি সহমর্মিতা, পারিবারিক ও সামাজিক মমতার মধ্য দিয়ে নিরাপদ জীবনের স্বপ্ন দেখাতে হবে।’প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় মোহিত কামাল এসব কথা বলেন। তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে মাদক বিষয়ে সচেতন করতে উপজেলার ওয়াছেক মিলনায়তনে ওই সভা হয়।কেউ বেশি মাত্রায় অসুস্থ হলে তাঁকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করার পরামর্শ দেন মোহিত কামাল, যাতে তাঁর প্রভাবে অন্যরা মাদক পরিহার করেন। অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত বলেন, ‘সমাজকে সুশৃঙ্খল ও শান্তিময় করে গড়ে তুলতে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হবে।’ তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।সভায় প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল বলেন, ‘প্রথম আলো খবর প্রকাশের পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করছে। মাদকের ভয়াবহতা দেশের তরুণ শিক্ষিত মেধাবী গোষ্ঠীকে আঁকড়ে ধরেছে। তাদের সচেতন করতে না পারলে নতুন প্রজন্ম কর্মোদ্দীপনা হারিয়ে মেধাশূন্য জাতিতে পরিণত হবে। তাই এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার।’সভায় মাদকের কুফল ও এটি থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, বন্ধুসভার সভাপতি মহসীন হাসান, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক। অনুষ্ঠানের অতিথি মোহিত কামাল পরে নবাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।