'মাদকাসক্তকে দূরে ঠেলে দেবেন না'

ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মাদকে আসক্ত হয়েছিলেন রাজধানীর ফার্মগেট এলাকার একজন যুবক। ফলে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারেও নেমে আসে কষ্ট আর চরম অশান্তি। ১০ বছর ধরে মাদক সেবন করা এই যুবক চিকিত্সার মাধ্যমে এখন পুরোপুরি সুস্থ। তিনি এখন একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আজ শনিবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন আয়োজিত মাদক নিয়ে পরামর্শ সহায়তা-৫০তম পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা বলছিলেন এই যুবক। মাদকাসক্তি থেকে ফিরে আসার জন্য নিজের ইচ্ছাশক্তি ও পরিবারের সহায়তা বড় প্রয়োজন বলেও মনে করেন তিনি।
শুধু তিনি নন, আরও কয়েকজন তরুণ মাদকের ছোবল থেকে ফিরে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন। একই সঙ্গে কয়েকজন মা তাঁদের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷
‘জীবনের জয়গান’ শীর্ষক এ অনুষ্ঠানে শিল্পী, চিকিত্সক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য দিতে গিয়ে বলেন, মাদক শুধু মাদকাসক্ত ব্যক্তিকেই ধ্বংস করে না, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর বিরুদ্ধে জয়ী হতে হবে। পরিবারের উচিত মাদকাসক্ত ব্যক্তিকে দূরে না সরিয়ে দিয়ে কাছে ডেকে চিকিত্সার ব্যবস্থা করা। যথাযথ চিকিত্সার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিকে ভালো করে তোলা সম্ভব৷
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মাদকবিরোধী কর্মকাণ্ডসহ প্রথম আলোর বিভিন্ন ধরনের কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
আরও বক্তব্য দেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোচিকিত্সক মোহিত কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মাদক নিরাময় কেন্দ্র আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, বিশিষ্ট প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, কেন্দ্রীয় মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রধান পরামর্শক সৈয়দ ইমামুল হোসেন, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, সঙ্গীত শিল্পী বিপ্লব, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, চিকিত্সক ফারজানা রাবিন, মেখলা সরকার, ইকবাল মাসুদ, ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ।