‘মাদকাসক্তদের নিয়ে আবারও কমিটি হলে প্রতিরোধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অছাত্র ও মাদকাসক্তদের সমন্বয়ে ফেনী জেলা ছাত্রদলের কমিটি গঠনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।গতকাল শনিবার সকালে ফেনীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আমান উদ্দিন কায়সার। তিনি বলেন, নতুন কমিটিতে আবারও অযোগ্যদের প্রাধান্য দেওয়ার পাঁয়তারা প্রতিহত করা হবে। লিখিত বক্তব্যে বলা হয়, সর্বশেষ ২০১০ সালের ২৪ মে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সংগঠনের কেন্দ্র থেকে তখন কিছু ‘অছাত্র, মাদকাসক্ত ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত’ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। এরপর তিন বছর পার হলেও কমিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়নি। জেলা ছাত্রদলের সভাপতি অভিযোগ করেন, আবার একই কায়দায় ঢাকায় অবস্থানরত ফেনীর কিছু নেতা অযোগ্য ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বয়ে জেলা কমিটি গঠনের চেষ্টা করছেন। তিনি বলেন, আবারও যদি তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে ছাত্রদলের ফেনী জেলার নেতা-কর্মীরা তা প্রতিহত করবেন। উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকেও দায়ী থাকতে হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক এস এম কায়সারসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।