'মাদকের আখড়া' উচ্ছেদে অভিযান
সিলেট নগরের কেন্দ্রস্থলের লালদীঘি হকার্স মার্কেটে ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিতি অবৈধ কয়েকটি স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। গতকাল শনিবার দুপুরে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিপণিবিতানের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, লালদীঘি হকার্স মার্কেট সিটি করপোরেশন পরিচালিত একটি পুরোনো বিপণিবিতান। এটির একটি ব্লকের পুরোনো কিছু স্থাপনাজুড়ে চলছিল মাদকসহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড। এ ব্যাপারে জানলেও একাধিকবার উদ্যোগ নিয়েও সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে পারেনি। লালদীঘি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সংগঠনের মাধ্যমে অবহিত হয়ে মেয়র গতকাল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে তাৎক্ষণিক অভিযান চালান। বিকেল পর্যন্ত বিপণিবিতানের বি ব্লকের সম্মুখের পুরোটা গুঁড়িয়ে ফেলা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, ১৯৭৪ সালে লালদীঘি হকার্স মার্কেটের যাত্রা শুরু হয়। পাঁচ বছর পর ১৯৭৯ সালে দ্বিতলবিশিষ্ট চারটি ব্লকে নতুন দোকান তৈরি করা হয়। এতে প্রায় ছয় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মেয়র বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ঝুকিপূর্ণ ভবন ভেঙে ফেলে এখানে আধুনিক মার্কেট করা হবে।’