'মাদ্রাসা' ভবনে বিস্ফোরণ চুলার গ্যাস থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদ্ধ ঘরে গ্যাস জমে থাকার কারণেই চট্টগ্রামের দেওয়ান বাজারের নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসা ভবনে (মাদ্রাসা নয়, আবাসিক ভবন) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পেছনে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের অসতর্কতার কারণে রান্নার চুলার গ্যাস থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
গত ২৭ জানুয়ারি দেওয়ান বাজার নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে মারা যান দুজন। এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের গঠন করা কমিটির দেওয়া প্রতিবেদনে ওই তথ্য উল্লেখ করা হয়েছে। আট সদস্যের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তিনি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ে জনসচেতনতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাতে গ্যাসের চুলার ওপর হাঁড়িভর্তি পানি বসানো হয়। একপর্যায়ে ফুটন্ত পানি উপচে চুলার আগুন নিভে যায়। ওই অবস্থায় চুলা থেকে গ্যাস বেরিয়ে ফ্ল্যাটটির ভেতরে জমে যায়। তখন ফ্ল্যাটের চারদিকের সব দরজা-জানালা বন্ধ ছিল। ভোরে নাতনি তনিমা আফরিন দাদি ছমুদা খাতুনের জন্য পানি গরম করতে যান। চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন বাইরে থেকে অক্সিজেন ভেতরে প্রবেশ করে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে বিস্ফোরণ ঘটায়। ফায়ার সার্ভিসের ভাষায় একে বলে ‘ব্যাক ড্রাফট’।
প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডটি নাশকতামূলক, না দুর্ঘটনা—এটি যাচাই করতে ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ, স্থানীয় অধিবাসী, আশপাশের প্রতিবেশী ও ভাড়াটেদের জবানবন্দি নেওয়া হয়। ঘটনাস্থলে অন্য কোনো দাহ্য পদার্থ বা রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়নি।
২৭ জানুয়ারি ভোরের ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ছমুদা খাতুন ও তনিমা আফরিন। আহত হন তনিমার ভাই আরিফুল ইসলাম। এ ঘটনায় ওই ভবনের ১৮টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। পাশের ভবনের একটি ফ্ল্যাটের দেয়ালও ভেঙে যায়।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও যদি কারও কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য থাকে, তাহলে প্রয়োজনে পরে অধিকতর তদন্ত করা যাবে।
এর আগে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, অগ্নিনিরাপত্তার বিষয়ে জনসচেতনতা কম। এ বিষয়ে ব্যাপক প্রচারণা ও প্রশিক্ষণ প্রয়োজন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ-সংক্রান্ত প্রশিক্ষণ দিতে হবে। নগরের পুকুর ও জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। এগুলোকে রক্ষা করতে হবে। বস্তি ও বিভিন্ন ভবনে পানির রিজার্ভার করা দরকার; যাতে কোনো বস্তি বা ভবনে আগুন লাগলে তা নেভানোর জন্য সহজে পানি পাওয়া যায়।
বক্তারা বলেন, নগরের অনেক মার্কেট ও কারখানায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নেই। রেয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেন এলাকার মার্কেটগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবনের নকশা অনুমোদনের সময় অগ্নিনিরাপত্তার বিষয়টি দেখা উচিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা ওয়ার্ড কমিটিগুলোকে সক্রিয় করা দরকার।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দিন আহমেদ, নগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক আবদুস সাত্তার মণ্ডল, উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সভাপতি সালেহ আহমেদ সুলেমান প্রমুখ।