'মাধ্যমিক স্কুল দ্বাদশ শ্রেণি পর্যন্ত হলে বাল্যবিয়ে কমবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মাধ্যমিক স্কুলগুলোকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হলে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের প্রবণতা কমে যাবে। কেননা মাধ্যমিক পাস করার পর কলেজ অনেক দূরে হওয়ায় অনেক অভিভাবক মেয়েদের সেখানে পাঠাতে চান না। তাদের বিয়ে দেওয়া হয়। 

প্রথম আলো কার্যালয়ে আজ মঙ্গলবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ এ কথা বলেন। তিনি বলেন, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছরই থাকছে।
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, হাওরের জনগোষ্ঠী, দলিত সম্প্রদায় ও পার্বত্য অঞ্চলের মানুষকে বাদ দিয়ে উন্নয়ন টেকসই হবে না। এসব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রকল্প নিতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা অর্জন হয়েছে, তা নিজেদের টাকায়। এসডিজি বাস্তবায়নেও বিদেশি অর্থ পাওয়া যাবে না। এসডিজি বাস্তবায়নে মানবসম্পদ তৈরি করতে হবে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, যেহেতু এসডিজি বাস্তবায়নে বিদেশি সহায়তা আসবে না, তাই এর পেছনে দৌড়াদৌড়ি করে ক্ষমতা ক্ষয় না করে অংশীজন ভিত্তিতে এসডিজি বাস্তবায়ন করা যেতে পারে। এ অংশীদারত্ব উদ্ভাবনী উপায়ে হলে বেশি কার্যকর হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নের তাগিদ দিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, ৪০ লাখ লোক আছে, যদি তাদের বড় অসুখ হয় তাহলে চিকিৎসা-ব্যয় মেটাতে গিয়ে তাঁরা দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে।
অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে বাংলাদেশের ৪ হাজার কোটি ডলার লাগবে। তাঁর মতে, নারীরা দেশের জনসংখ্যার অর্ধেক, তাদের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ: আমাদের করণীয়’—শীর্ষক গোলটেবিল বৈঠক আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে। ছবি: সাইফুল ইসলাম
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ: আমাদের করণীয়’—শীর্ষক গোলটেবিল বৈঠক আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে। ছবি: সাইফুল ইসলাম


ইউনিসেফের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট সান্তনু গুপ্ত বলেন, চরম দারিদ্র্য নিরসনই বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, শিশুরা জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে বড় হচ্ছে। তাই শিশুদের জন্য আলাদা প্রকল্প নেওয়া দরকার।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, এসডিজি অর্জনে শুধু অর্থ ব্যয় করলেই হবে না। দেখতে হবে, এ অর্থ দারিদ্র্য বিমোচনে ব্যয় হচ্ছে কি না; অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে কি না। তিনি জানান, শিল্প, অবকাঠামোসহ বিভিন্ন খাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ পর্যন্ত ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর এক লাখের বেশি মানুষের দৃষ্টি ফেরাতে সহায়তা করছে ব্যাংকটি।
ইউএনএফপিএর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (অ্যাডলসেন্ট অ্যান্ড ইয়ুথ) মুহাম্মদ মুনির হোসেন মনে করেন, তরুণ জনগোষ্ঠীর পেছনে এখনই বিনিয়োগ করার সময়। তিনি জানান, বর্তমানে ১৬ কোটি মানুষের মধ্যে ৫ কোটির বেশি ১০ থেকে ২৪ বছর বয়সী। ধীরে ধীরে তা কমবে। তাই এ তরুণ জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে এখনই বিনিয়োগ করা দরকার।