‘মাধ্যমিকে মাইলফলক ফলাফল, আমরা অভিভূত’
সৈয়দা প্রিয়তী সুলতানা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার এ প্রাপ্তির সঙ্গে যুক্ত হয়েছে সিলেট শিক্ষা বোর্ডের মাইলফলক ফলাফল।ব্যক্তিগত অর্জনের সঙ্গে বোর্ডের সমষ্টিগত অর্জন সিলেট শিক্ষা বোর্ড দেশসেরা ফলাফল করার প্রতিক্রিয়া জানাতে বক্তৃতায় প্রিয়তী বলল, ‘আমরা পেরেছি। আগামী বছর তোমরা পারলে দেশসেরা অর্জন ধরে রাখা যাবে!’সিলেট শিক্ষা বোর্ড মাধ্যমিকে দেশসেরা ফলাফল করায় গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণ ও ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দেবে—এ রকম শিক্ষার্থীদের এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রিয়তীর মতো এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ করে নানা পরামর্শ ও আনন্দ আহ্বান প্রকাশ করা হয়।‘মাধ্যমিকে মাইলফলক ফলাফল, আমরা অভিভূত...সারা দেশে সিলেট বোর্ড প্রথম হওয়ায় সিলেটবাসী গর্বিত...সাফল্যমূলক ফলাফলে শিক্ষামন্ত্রীকে অভিনন্দন...’ এ রকম নানা কথামালার প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের আনন্দ প্রকাশের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে একাত্ম হন অভিভাবকেরাও। শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ফারুক আহমদ মিসবাহর সভাপতিত্বে সমাবেশে শিক্ষার্থী সৈয়দ প্রিয়তী সুলতানা, শাহ সাকি, অভিভাবক মোহামঞ্চদ আব্বাছউদ্দিন, সংবাদকর্মী শাহ মুজিবুর রহমান, সিলেটের আঞ্চলিক দৈনিক উত্তরপূর্ব সম্পাদক শফিউল আলম চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, আইনজীবী নাসিরউদ্দিন খান বক্তব্য দেন।বক্তারা সিলেট শিক্ষা বোর্ডের দেশসেরা ফলাফলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও শিক্ষককে অভিনন্দিত করেন।