নিজের ‘গায়েব’ হওয়ার আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাঁচার আকুতি জানিয়েছেন সাংবাদিক প্রবীর সিকদার। তিনি ফেসবুকে গত বৃহস্পতিবার এ-সম্পর্কিত একটি স্ট্যাটাসে নিজের এ অবস্থান তুলে ধরেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান!’ শিরোনামের এই স্ট্যাটাসে প্রবীর সিকদার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আপনি অবিলম্বে আমাকে বাঁচান। আমি আমার মামলা নিয়ে কোনো ধরনের দয়া ভিক্ষা চাইছি না। ফরিদপুরে দায়ের করা ৫৭ ধারার মামলা ও তার চার্জশিট নিয়ে আমি মোটেই বিচলিত নই। আইন ও বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করলে আমি নিশ্চিত, আইনি লড়াই করেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলায় আমি টিকে থাকব, থাকবই। আমাকে যেন আর কেউ মিথ্যা মামলায় হয়রানি করতে না পারে, কিংবা ভুয়া গোয়েন্দা পরিচয়ে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে আমাকে গায়েব করে ফেলতে না পারে, সেটা আপনি নিশ্চিত করবেন, প্লিজ।’
এ ব্যাপারে প্রবীর সিকদার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার আমি ওই স্ট্যাটাস দিয়েছি। আগে প্রাণনাশের আশঙ্কায় আমি জিডি করতে গিয়েছিলাম। কিন্তু সে সময় জিডি নেওয়া হয়নি। আমার পক্ষে একজন আইনজীবী লড়াই লড়ছেন। তিনিও স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না।’
প্রবীর সিকদার দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামের এক ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে ঘিরে গত বছর ১৬ আগস্ট প্রবীর সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন জেলা জজকোর্টের সহকারী কৌঁসুলি (এপিপি) স্বপন পাল। গত মঙ্গলবার জেলার ১ নম্বর আমলি আদালতে এ মামলার অভিযোগপত্র উপস্থাপন করা হয়। অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৫ মে।