‘মানব ডিভাইডার’!
শামিয়ানা বিছানো হয় সড়কের ঠিক মাঝখানে। তাতে সারিবদ্ধভাবে বসেন সবাই। লম্বা লাইনে দুই ভাগ হয়ে পড়ে সড়ক। প্রায় আধা ঘণ্টা এমন দৃশ্যপটে ওই সড়ক দিয়ে চলে যানবাহন। সিলেট-ঢাকা সড়কের হুমায়ূন রশিদ চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকেলে এভাবেই ব্যতিক্রমধর্মী ‘মানব ডিভাইডার’ কর্মসূচি পালন করে সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে হুমায়ূন রশিদ চত্বরের সড়কগুলোতে রোড ডিভাইডার নির্মাণের দাবিতে পালন করা হয় এই কর্মসূচি। একই দাবিতে ওই এলাকায় ব্যতিক্রমধর্মী ‘রাস্তায় শোয়া’ কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ‘মানব ডিভাইডার’ কর্মসূচি পালন করা হয়।সংগঠনের নেতারা প্রায় আধা ঘণ্টাব্যাপী মানব ডিভাইডার কর্মসূচি পালনকালে হুমায়ূন রশিদ চত্বর এলাকায় যান চলাচলে একধরনের শৃঙ্খলা দেখা গেছে। পাশাপাশি ওই চত্বরে কোনো যানজট দেখা যায়নি। দাবি পূরণের বাস্তব অবস্থা দেখাতে গিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন বলে সংগঠনের সভাপতি মো. এহছানুল হক জানান।কর্মসূচি চলাকালে ‘আমরা আর চলন্ত যানের মুখোমুখি সংঘর্ষ চাই না। সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করে রোড ডিভাইডার নির্মাণ করুন’—এই দাবি-সংবলিত একটি ব্যানার প্রদর্শন করা হয়। কর্মসূচি শেষে সভায় সংগঠনের সভাপতিসহ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আলী আহসান, মোহাম্মদ শাহ আলম, সৈয়দ আকরাম আল শাহান, মো. রুয়েল আহমদ ও সংস্থার পরিচালনা কমিটির প্রচারসচিব আবদুর রহমান বক্তব্য দেন।সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের পার্শ্ববর্তী হুমায়ূন রশিদ চত্বরে মিলিত চারটি সড়কে সারাক্ষণ যানজট লেগে থাকে। চত্বর এলাকার সড়ক দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচলে কোনো শৃঙ্খলা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। হুমায়ূন রশিদ চত্বরের চারটি সড়কে রোড ডিভাইডার স্থাপিত হলে এ অবস্থার পরিবর্তন হবে বলে বক্তারা জানান।