‘মানব পাচার প্রতিরোধ আইন সম্পর্কে অনেকেই জানে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকেই ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ সম্পর্কে জানেন না। অভিবাসনবিষয়ক ধারণার অভাবেই পাচারের শিকার হয় দরিদ্র জনগোষ্ঠীর নারী ও পুরুষ। গতকাল শুক্রবার নগরে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘মানব পাচার: ঝুঁকি, প্রতিরোধ ও দুর্গতদের সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক রিদুয়ানুল হক। ইউএসএইড ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইপসা এ গোলটেবিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস। গোলটেবিল বৈঠকে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জাকির হোসেন।‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ সম্পর্কে জাকির হোসেন বলেন, ‘আইনটির বিষয়ে সবাই অবগত নন। আমাদের পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাসহ নানা রাজনৈতিক দায়িত্ব পালন করতে হয়। তাই তারা মানব পাচারসংক্রান্ত ঘটনার তদন্তে পর্যাপ্ত সময় দিতে পারে না।’আরেক বিশেষ আলোচক দ্য ডেইলি স্টার পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান এ কে এম রইসুল হক বাহার বলেন, ‘আইন থাকার পরও মানব পাচারের ঘটনায় প্রতারণার মামলা হয়। এর একটা কারণ হতে পারে, নতুন আইন সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানেন না।’ এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) নাজমুল হাসান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আইন হয়েছে। সেই আইন অনুসারে গত এপ্রিলে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কিন্তু আমরা আজও এ বিষয়ে কোনো গেজেট পাইনি।’ উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ প্রণীত হয়। এই আইনের চতুর্থ অধ্যায়ে এই আইনের অধীনে অপরাধের দ্রুত বিচারের জন্য জেলা পর্যায়ে ‘মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠনের বিধান রাখা হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করে রিদুয়ানুল হক বলেন, সচেতনতার অভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী মানব পাচারের শিকারে পরিণত হন। অনেকেই জানেন না, অভিবাসনের জন্য কোন কোন বিষয় যাচাই করতে হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। এ ছাড়া মানব পাচার প্রতিরোধবিষয়ক কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন উইনরক ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক দীপ্তা রক্ষিত।