‘মানব পাচারকারী চক্রের সদস্য’ বিলকিস গ্রেপ্তার
মানব পাচারকারী দালাল চক্রের হোতা বলে পরিচিত বিলকিস বেগমকে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।জানা যায়, টেকনাফ থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ায় বিলকিসের বাড়িতে অভিযান চালায়। পুলিশ বলেছে, বিলকিস পাচারকারী চক্রের অন্যতম সদস্য মালয়েশিয়াপ্রবাসী কবির আহমদের স্ত্রী। পুলিশ বলেছে, গত ৩১ অক্টোবর কবির আহমদ ও বিলকিস বেগমের লোকজন ৬০ ব্যক্তিকে মালয়েশিয়া নেওয়ার কথা বলে কক্সবাজার উপকূল থেকে ট্রলারে তোলেন। সাগরে কয়েক দিন ঘুরিয়ে-ফিরিয়ে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়াকে থাইল্যান্ডের দ্বীপ বলে তাঁদের সেখানে নামিয়ে দিয়ে সটকে পড়েন। পরে যাত্রীরা জানতে পারেন তাঁরা থাইল্যান্ডে নয়, বাংলাদেশের টেকনাফে রয়েছেন। এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জামাল উদ্দিন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে এবং তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বিলকিস বেগম, কক্সবাজারের মৌলভি আবদুর রহিম, টেকনাফের ফয়েজুল্লাহ মাঝি, সুরা খাতুনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিলকিস বেগমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।