'মানবতাবিরোধী অপরাধীদের বিচারে চীন পাশে আছে'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সন্ত্রাসবাদ দমন ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারে চীন বাংলাদেশের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ও পার্টির বিশেষ দূত চেন ফেংজিয়াং বলেন, বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি সমুন্নত রাখতে বাংলাদেশের সকল প্রয়োজনে চীন পাশে থাকবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর ও পুরোনো। বর্তমানে সময়ের পরিক্রমায় দুই দলের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ চীন এখন বিশ্ব রাজনীতিতে পরাশক্তি। চীনের কুনমিং শহরের সঙ্গে আমাদের দূরত্ব মাত্র ১৪০ মাইল। চীন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে যেমন শক্তিশালী হয়েছে, তেমনি দলীয়ভাবেও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে।
চীনের প্রতিনিধিদলের প্রধান চেন ফেংজিয়াং বলেন, ‘আশা করি আমাদের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ হবে। আমরা একসঙ্গে দুই দলকে তথা দুই দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাব।’