'মানবতাবিরোধী অপরাধ বিচারে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ বিচারের ক্ষেত্রে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক কোনো সাহায্য ছাড়াই, ভিনদেশি আইনজীবী ও বিচারকদের বাদ দিয়েই অল্প সময়ে, কম খরচে, কিন্তু সব আইনি প্রক্রিয়া ঠিক রেখে আন্তর্জাতিক অপরাধের বিচার হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক আইনের শিক্ষক ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞরাও বাংলাদেশের দৃষ্টান্ত অনুসরণ করার কথা ভাবছেন।

বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত সেমিনারে ‘যুদ্ধ যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন’ শীর্ষক প্রবন্ধে কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৪৫ তম বার্ষিক এই সেমিনারের আয়োজন করে ইতিহাস পরিষদ। সেমিনারে আরও নয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারের এবারের প্রতিপাদ্য ‘প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী’।

সেমিনারে দ্বিতীয় অধিবেশনে শেখ হাফিজুর রহমান তাঁর প্রবন্ধে বলেন, ‘মানুষের ইতিহাসে সংঘটিত হয়েছে অনেক গণহত্যা। এর মধ্যে ১৫টি ভয়াবহ গণহত্যায় ১৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আশ্চর্যের বিষয় এত গণহত্যা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত গণহত্যা শব্দটি সেভাবে ব্যবহৃত হয়নি। স্নায়ুযুদ্ধের অবসানের পর ১৯৯৩ সালে যুগোস্লাভিয়া এবং ১৯৯৪ সালে রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। ২০০২ সালের ১ জুলাই স্থায়ী বিশ্ব অপরাধ আদালতের কার্যক্রম শুরু হয়। কিন্তু এ আদালত থেকে বিশ্বব্যাপীর প্রত্যাশা ও অর্জনের ফারাক বিস্তর।’

শেখ হাফিজুর রহমান বলেন, ‘১৯৭৩ সালেই আইন করে বাংলাদেশ এই অপরাধের বিচার শুরু করেছিল। কিন্তু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসে সেই বিচারকাজ বন্ধ করে দেন। দেশ স্বাধীনের ৩৯ বছর পর ২০১০ সালে আবার এই বিচার শুরু হয়। শুরুতে অনেকেই বলেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই বিচার। কিন্তু জামায়াতের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি এমনকি আওয়ামী লীগেরও সাবেক কোনো কোনো নেতার বিচার শুরু পর এই অপপ্রচার দুর্বল হয়ে গেছে। আসলে ৭১ সালের গণহত্যার বিচার না করে ন্যায়বিচার বা ইতিহাসের দায় মোচন সম্ভব নয়।’

দ্বিতীয় অধিবেশনে আরও তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এমরান জাহান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের মোহাম্মদ ইব্রাহিম। এই অধিবেশনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আকমল হোসেন।

এর আগে প্রথম অধিবেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এ এস এম আলী অশরাফ, ইসলামের ইতিহাসের অধ্যাপক তৌফিকুল হায়দার ও গোলাম কিবরিয়া ভূঁইয়া তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন বিআইএসএসের মহাপরিচালক কে এম আবদুর রহমান।

তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন আখতারুজ্জামান। এই অধিবেশনে বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ইসলামের ইতিহাস বিভাগের এ কে এম গোলাম রব্বানী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফাহমিদুল হক প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ইতিহাসবিদদের প্রতি সঠিক ইতিহাস রচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো যুদ্ধের শতবার্ষিকী পালন করতে চাই না। বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে মানবতাবোধে জাগ্রত হতে হবে।’

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ। তিনি বলেন, ‘যুদ্ধ মানেই মানব সভ্যতার সংহারকারী। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এ কথাটি অনেক বেশি সত্য। এ যুদ্ধে যেমন কল্পনাতীত প্রাণহানি ঘটেছিল, তেমনি বিশ্বের বহু নগর ও জনপদের বিলুপ্তি ঘটে। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিস্তার ঘটে। বর্তমানেও আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি।’

স্বাগত বক্তব্যে ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘যুদ্ধ মানবতার চরম শত্রু। আমরা আর কোনো বিশ্বযুদ্ধ চাই না।’