'মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রে ছিলেন আলীম'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে বলেছেন, একাত্তরে জয়পুরহাটে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রে ছিলেন। তিনি এসব অপরাধের পরিকল্পনা করতেন এবং পাকিস্তানি সেনা, শান্তি কমিটি ও রাজাকাররা তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত দ্বিতীয় দিনের মতো যুক্তি দেন। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
রানা দাশগুপ্ত আজ আলীমের বিরুদ্ধে তৃতীয় ও ষষ্ঠ থেকে ১১তম অভিযোগের বিষয়ে যুক্তি দেন। এ সময় কৌঁসুলি জানান, রাষ্ট্রপক্ষ চতুর্থ ও পঞ্চম অভিযোগের সপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেনি।
যুক্তি উপস্থাপনের এ পর্যায়ে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।