‘মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত করতে হবে। এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হতে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে হবে।উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের দাবিতে জাগরণী গান, মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, চারণ শিল্পীগোষ্ঠী, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, জেলা বাসদের সদস্যসচিব মামুনুর রশীদ প্রমুখ।