'মানবতারই জয় হবে'

ভারতের প্রখ্যাত সাহিত্যিক নয়নতারা সেহগালের বয়স এখন ৮৮ বছর। এই বয়সেও তিনি কারও সাহায্য ছাড়া একা চলাফেরা করেন।
বৃহস্পতিবার ঢাকা লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর গতকালও নয়নতারা সেহগাল বাংলা একাডেমি প্রাঙ্গণে এলেন বেশ প্রফুল্ল মনে। বললেন, ভারত কোনো বিশেষ ধর্ম, গোষ্ঠী বা সম্প্রদায়ের দেশ নয়। ভারত হলো মহাত্মা গান্ধী-নেহরুর স্বপ্নে গড়া বহুজাতির দেশ। এখানে যে যার ধর্ম পালন করবে, সংস্কৃতি লালন করবে, নিজের রুচি পছন্দসই খাবার খাবে, পোশাক পরবে। কেউ বাধা দিতে পারবে না।
বাংলা একাডেমির মুহম্মদ এনামুল হক ভবনের দোতলায় নয়নতারার সঙ্গে আলাপ হয়। তখন জানালা দিয়ে হেমন্তের নরম রোদ উঁকি দিচ্ছিল। তিনি একটু সরে বসলেন। জিজ্ঞেস করলাম, ভারতে এ মুহূর্তে প্রধান বিপদ কী? নয়নতারা বললেন, হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াসই এ মুহূর্তে বড় বিপদ। ভারত যে হাজার হাজার বছর ধরে বহুমাত্রিক সংস্কৃতি লালন করে এসেছে, সেটিকে ফুৎকারে উড়িয়ে দিতে চায় উগ্রপন্থীরা। এরপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কিন্তু ওরা সফল হবে না। দেশের লেখক, শিল্পী, বিজ্ঞানী, ইতিহাসবিদ, সমাজতান্ত্রিক—সবাই এর বিরুদ্ধে এককাট্টা হয়েছেন। রাজ্যে রাজ্যে সভাসমাবেশ হচ্ছে।
বললেন, শেষ পর্যন্ত উদার মানবতাবাদেরই জয় হবে। কী করে আশ্বস্ত হলেন—জবাবে এই প্রতিবাদী লেখক জানালেন, বিজেপির হিন্দুত্ববাদ তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীই সমর্থন করে না। বিহারে প্রথম পরীক্ষায়ই মোদি ফেল করেছেন।
(অচিরেই পুরো সাক্ষাৎকারটি ছাপা হবে প্রথম আলোর সাময়িকীতে)