'মানবসৃষ্ট' কারণ জানতে মামলা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ​সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে রাশেদ খান মেনন
গতকাল ​সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে রাশেদ খান মেনন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনা ‘মানবসৃষ্ট’ উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এটা নাশকতা নাকি সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা বা অদক্ষতা, সেটা তদন্ত কমিটি বের করতে পারেনি। তাই এ ঘটনায় পুলিশি তদন্তের জন্য মামলা করা হবে।
গতকাল রোববার বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মামলা করার কথা জানান বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন। এর আগে সকালে তাঁর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। তবে তদন্ত প্রতিবেদনে বিমানের ইঞ্জিনে ত্রুটির জন্য যে ‘হিউম্যান এরর’ বা মানবসৃষ্ট ঘটনার কথা বলা হয়েছে, তাতে যাঁদের চিহ্নিত করা হয়েছে তাঁদের নাম বলতে রাজি হননি বিমানমন্ত্রী।
এর আগে একই ঘটনায় করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ইঞ্জিনের একটি নাট (ইঞ্জিন অয়েল) ঢিলা থাকার কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। এ জন্য প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের গাফিলতিকে দায়ী করে কমিটি। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করে।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তিন প্রতিবেদনে একই ধরনের তথ্য এসেছে। তিনটি প্রতিবেদনের তথ্য একত্র করে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে। যদি সামান্যতম নাশকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য যে প্রধানমন্ত্রীর কিছু হয়নি। এর চেয়ে বড় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন আর আসতে পারে না। ইতিমধ্যে তাঁর জীবননাশের জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। এ জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেছি।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চার সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটির প্রতিবেদনে বিমান সম্পর্কে ১০টি, বেসামরিক বিমান চলাচল কর্তপক্ষের জন্য ৪টি, মন্ত্রণালয় সম্পর্কে ২টি সুপারিশ করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিমানের প্রকৌশল শাখাসহ প্রতিটি স্তরে অদক্ষতার প্রমাণ পাওয়া গেছে। এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। প্রধানমন্ত্রীর (ভিভিআইপি) ফ্লাইট ওড়ার ২৪ ঘণ্টা আগে ওই বিমানের নিরাপত্তার দায়িত্ব ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে, সেই ফ্লাইটের আশপাশে অসংখ্য লোক। ওই ফ্লাইটে বিমানের ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) ঠিকভাবে অনুসরণ করা হয়নি। বোয়িং কোম্পানির চেকলিস্টও অমান্য করা হয়েছে।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার কারণে সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। পরে অপর একটি বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বুদাপেস্টে পৌঁছানো হয়। ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজও পরে হাঙ্গেরিতে পাঠানো হয়।

এ ঘটনায় এর আগে বিমানের তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।