'মানবসেবার ওপরে মহৎ কাজ নেই'
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মানবসেবার ওপরে মহৎ কাজ হয় না। নীরবে-নিভৃতে সেবা দিয়ে যাঁরা গ্রামকে আলোকিত করে চলেছেন, সবার উচিত তাঁদের পাশে দাঁড়ানো।
গতকাল শনিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিকিৎসক মো. মমিনুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মেহেদি হাসান প্রমুখ।
চক্ষু বিশেষজ্ঞ এম এ লতিফ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ভুল্লীরহাট গ্রামে মা বিবি কাঞ্চনের নামে ২০০১ সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। তিনজন চিকিৎসক ও পাঁচজন টেকনিশিয়ান নিয়ে তিনি িহাসপাতালটি পরিচালনা করছেন।