'মানবাধিকার দিবস দেশের মানুষের জন্য অর্থহীন'
বাংলাদেশে যে পর্যন্ত সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, তত দিন পর্যন্ত দেশের মানুষের জন্য মানবাধিকার একটি কল্পকাহিনি হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, আজকে বিশ্ব মানবাধিকার দিবসটি বাংলাদেশের মানুষের জন্য অর্থহীন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এ কথা বলেন। তিনি বলেন, ‘তাই মানবাধিকার লঙ্ঘনের করুণ ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আমরা বিশ্বের সব মানবাধিকার সংস্থাগুলোকে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মানবাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের আবেদন জানচ্ছি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বার কাউন্সিলের সদস্য আইনজীবী সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।