'মানবাধিকার না থাকলে আমরা সেখানে গেলাম কীভাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য হয়েছি। মানবাধিকারই যদি না থাকে তাহলে আমরা সেখানে গেলাম কীভাবে। আজ শনিবার সকালে কৃষি বিভাগের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, আগেও তো নির্বাচিত সরকার ছিল। তাঁরা তো কোনো আন্তর্জাতিক সংস্থায় যেতে পারেনি। বর্তমান সরকার আজ দেশে বিদেশে সমানভাবে সমাদৃত। মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ষড়যন্ত্র বাদ দিয়ে জনগণের মন জয় করে ক্ষমতায় আসার চেষ্টা করুন।

কৃষিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, শেখ হাসিনা দিনরাত্রি পরিশ্রম করেন, কীভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়। আর তিনি (খালেদা জিয়া) চেষ্টা করেন কীভাবে দেশের মুখে কালিমা লেপন করা যায়।

এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী উপজেলার পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৮৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সাত লাখ ৯৩ হাজার ৬৭৫ টাকার ধান, সরিষা, গমের বীজ ও সার বিতরণ করেন।