'মানবাধিকার লঙ্ঘন রোধে সংসদের ভূমিকা অনেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার লঙ্ঘন রোধে সংসদের ভূমিকা অনেক বেশি বলে উল্লেখ করেছে জেনেভায় সফররত বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদল। গতকাল সোমবার জেনেভায় অনুষ্ঠিত ১৩৫তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিয়ে প্রতিনিধিদল মানবাধিকার লঙ্ঘন রোধে বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। গভর্নিং কাউন্সিলের সভায় আইপিইউ সভাপতি ও মহাসচিবের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। প্রতিনিধিদল ছোট ছোট গ্রুপে বিভিন্ন বৈঠকে অংশ নেয়। এর মধ্যে ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টারিয়ান’-এর সভায় অংশ নেন এম এ আউয়াল ও রেজওয়ান আহমদ তৌফিক। সম্মেলনের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’-এর সভায় অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও আবুল কালাম আজাদ। এ সময় আবুল কালাম আজাদ বলেন, পৃথিবীর কম-বেশি সব দেশেই মানবাধিকার লঙ্ঘন হয়। এটা রোধে সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। সে ক্ষেত্রে সংসদের ভূমিকা সবচেয়ে বেশি।
একই দিনে স্থানীয় সময় বেলা দুইটায় থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় অংশ নেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, আতিউর রহমান আতিক, আবুল কালাম আজাদ, নাসিমা ফেরদৌসি এবং এম এ আউয়াল। থাইল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন বিলাইভন সামপাটিসিরি।
বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার থাইল্যান্ডের রাজার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ-থাইল্যান্ড সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ শূন্য সহিষ্ণুতা নীতি মেনে চলছে। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় থাইল্যান্ড সরকারের সমবেদনার কথা তুলে ধরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাওয়া রোগীদের সুবিধার্থে দোভাষী নিয়োগের বিষয়ে থাইল্যান্ড সরকারের প্রতি অনুরোধ জানান।