'মানবাধিকার সুরক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সুরক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনে প্রতিদিন সচেতন নাগরিকদের সম্পৃক্ত থাকতে হবে।
মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ‘৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো (বিএইচআরবি) আয়োজিত ‘মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধনী বক্তা হিসেবে মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর রহমান আরও বলেন, দেশে বিভিন্ন কারণে সংখ্যালঘুরা নির্যাতিত হয়। তারা ধর্মীয় সংখ্যালঘু হতে পারে, জাতিগত সংখ্যালঘু হতে পারে, আবার ভাষাভিত্তিক বা অঞ্চলভিত্তিক হতে পারে। নানা কারণে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়।...সেই অধিকার লঙ্ঘন প্রতিরোধে প্রতিবাদের ভাষায় কথা বলা এবং আক্রান্তের পাশে দাঁড়াতে নাগরিকদের আহ্বান জানান তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মনে করেন, রাষ্ট্রের যাঁরা আইনজীবী হিসেবে নিয়োজিত থাকেন, তাঁরা মনে করেন শুধু সরকারের তোষামোদ করাই বোধহয় তাদের কাজ। কিন্তু এটা ঠিক নয়। তাদের দায়িত্ব সত্য উদ্ঘাটনে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা। তিনি বলেন, ‘মানবাধিকার প্রতিদিন হোক—এই কথাটি উচ্চারণ করতে চাই। মানবাধিকার দিবসকে ঘিরে শুধু ১০ ডিসেম্বর কথা বলব, আলোচনা সভা ও আয়োজন করব, এটা মানবাধিকার সুরক্ষা নয়। এর জন্য প্রতিদিন নাগরিকদের সম্পৃক্ত থাকতে হবে। সবাই মিলে অধিকারবঞ্চিত নাগরিকের অধিকার আদায়ে ও সুরক্ষিত করার জন্য আমাদের প্রত্যেকের ওপর যে দায়বদ্ধতা ও দায়িত্ব রয়েছে, তা পালনে সচেতন থাকব।’
হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবু কাওসার মো. দবিরুস্বানের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী। ভারতের সাবেক প্রধান বিচারপতি আলতামস কবীরের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি বলে জানান আয়োজকেরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। শেষ পর্বে এ বছর জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
ব্যাঙের ছাতার মতো ভুয়া মানবাধিকার সংগঠন গড়ে উঠেছে: সারা দেশে ব্যাঙের ছাতার মতো ভুয়া মানবাধিকার সংগঠন গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, এসব সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্র কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল মঙ্গলবার মানবাধিকারবিষয়ক গোলটেবিল আলোচনায় মিজানুর রহমান এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (অ্যালার্ট) নামের একটি সংগঠন এই গোলটেবিলের আয়োজন করে।
‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ এবং ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট কমিশন’ নামের দুটি সংগঠনের কারণে বাইরের বিভিন্ন দেশ বিভ্রান্তিতে পড়ে বলে জানান মিজানুর রহমান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রতিকার পাওয়া যায়নি।
গোলটেবিলে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত, সাংবাদিক নাইমুল ইসলাম খান, অ্যালার্টের সভাপতি জাহাঙ্গীর আলম খান প্রমুখ।