'মানবিক দিক বিবেচনা করে শিক্ষকদের মুক্তি দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের মুক্তির দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রামের পটিয়া সদরে শিক্ষক সমিতির মানববন্ধন। ছবিটি পটিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে তোলা l প্রথম আলো
শিক্ষকদের মুক্তির দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রামের পটিয়া সদরে শিক্ষক সমিতির মানববন্ধন। ছবিটি পটিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে তোলা l প্রথম আলো

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের ছয় উপজেলার ১৩ শিক্ষককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এই দাবিতে গতকাল রোববার চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, পটিয়া ও সাতকানিয়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। সমাবেশে শিক্ষক নেতারা মানবিক দিক বিবেচনা করে সরকারের প্রতি শিক্ষকদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

গত বছরের জুলাই মাসে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল অংশের একটি প্রশ্নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর কার্যক্রমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করা হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বাঁশখালী থানায় দায়ের করা মামলায় ২৩ আগস্ট ১৩ শিক্ষককে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার শিক্ষকেরা হলেন দুকুল বড়ুয়া, মো. আলী, আমীর হোসেন, তাহেরুল ইসলাম, মোহাম্মদ মিয়া, আবুল কালাম, বাদল দাশ, মো. ইউসুফ, শ্যামল দে, অজিত কারণ, ওয়াইজ উদ্দিন, বিজন ভট্টাচার্য্য ও এ এইচ এম সৈয়দ হোসেন। প্রতিবেদন পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার থানা মোড়ে গতকাল দুপুর ১২টায় ১৩ শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেন।

সভায় শিক্ষকদের পক্ষে শিক্ষক সমিতি আনোয়ারা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরফান চৌধুরী বলেন, ‘প্রশ্নপত্রে অনিচ্ছাকৃত ত্রুটির কারণে আমরা ক্ষমা চেয়েছি। তারপরও ১৩ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে ১৩ শিক্ষকের মুক্তির দাবি করছি।’

পটিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গতকাল দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক সমিতি। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এরপর ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তাঁরা।

পটিয়া উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আরফা করিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুপ। পটিয়া উপজেলা শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নেতাদের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছগীর মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি সামশুদ্দিন চৌধুরী প্রমুখ। 

সাতকানিয়ায় গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক সমিতি।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতকানিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. নবী চৌধুরী, সহসভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা গ্রেপ্তারকৃত শিক্ষকদের মুক্তির দাবিতে ইউএনওর কাছে  স্মারকলিপি দেন।

গতকাল দুপুর ১২টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষকদের মুক্তির দাবিতে ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা। কর্মসূচিতে বক্তব্য দেন বাঁশখালী শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণ প্রসাদ সেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকারুল হক।

গতকাল দুপুরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের সামনে গ্রেপ্তার শিক্ষকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। একই দাবিতে ইউএনওকে স্মারকলিপি দেন তাঁরা।

এদিকে বোয়ালখালীতে শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচি হয়নি বলে জানান সংগঠনের বোয়ালখালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুর আহম্মদ। কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, গতকাল বেলা ১১টায় উপজেলার পরিষদের সামনে শিক্ষকেরা মানববন্ধন করতে গেলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেন বোয়ালখালী থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী।